৯ গোল সেভ করলেন জার্মানির বিশ্বকাপ জয়ী গোলকিপার!
ছবি: সংগৃহীত
০৪:২৭ পিএম | ০৮ এপ্রিল, ২০২৬
রিয়াল মাদ্রিদের দুই প্রাণবন্ত তরুণ কিলিয়ান এমবাপে ও ভিনিসিয়ুস জুনিয়রের সামনে যেভাবে প্রতিরোধের দেয়াল গড়ে তুলেছিলেন ম্যানুয়েল নয়ার, তাতে মনেই হয়নি তার বয়স ৪০! গতকাল সব মিলিয়ে ৯ সেভ করলেন জার্মানির বিশ্বকাপ জয়ী গোলকিপার। তাতে রিয়াল মাদ্রিদের মাঠে বায়ার্ন মিউনিখ ২-১ গোলে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ জিতল। ম্যাচ শেষে কোচ ভিনসেন্ত কোম্পানি বললেন, তাকে ‘প্রতিদিন মুগ্ধ করেন’ নয়ার।
বার্নাব্যুতে এমবাপে ও ভিনিসিয়ুসকে তিনবার করে ঠেকান নয়ার। আগে পরে আরও ছয়টি। এমবাপে যে গোল করেছিলেন, সেই শটেও বল ছুঁয়েছিলেন বায়ার্ন কিপার। কিন্তু বল গোললাইন পেরিয়ে যায়। ম্যাচের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারও হয়েছেন নয়ার। তিনিই সর্বকালের সেরা গোলকিপার কি না এমন প্রশ্নে কোম্পানি বললেন, ‘থিবো কোর্তোয়ার মতো খেলোয়াড়ের সঙ্গে আমাকে ঝামেলায় ফেলে দেবেন, যাকে আমি অনেক পছন্দ করি। সবারই নিজস্ব পছন্দ আছে। কিন্তু ম্যানু অনেক অনেক দিন ধরে এসব করছে। এটা এমন কিছু যেটা অনেক গোলকিপার করতে পারে না।’
নয়ারে মুগ্ধ বায়ার্ন কোচ, ‘আমি ট্রেনিংয়ে তাকে প্রতিদিন দেখি। এখনো আমি প্রতিদিন মুগ্ধ হই। এটা প্রমাণ করে সে এখনো অন্যতম শীর্ষ গোলকিপার হওয়ার সামর্থ্য রাখে।’
সব প্রতিযোগিতা মিলে গত পাঁচ মৌসুমে এই ম্যাচেই সর্বোচ্চ ৯ সেভ করলেন নয়ার। শেষবার ২০১৭ সালের এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে এর চেয়ে বেশি ১০ সেভ করেছিলেন, সেবারও প্রতিপক্ষ ছিল রিয়াল। আবার নয়ার বাধায় পর্যদুস্ত মাদ্রিদ ক্লাব। তবে তার প্রশংসা করেছেন রিয়ালের কিপার আন্দ্রি লুনিন ও ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। তাকে বায়ার্নের সেরা খেলোয়াড় আখ্যা দিয়েছেন তারা।
এবি/টিএ
এবি/টিএ