© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়া-৬ উপনির্বাচনসংবাদ সম্মেলনে জামায়াত-বিএনপি প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

শেয়ার করুন:
সংবাদ সম্মেলনে জামায়াত-বিএনপি প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৭ পিএম | ০৮ এপ্রিল, ২০২৬
ভোটের আর মাত্র এক দিন বাকি। শেষ মুহূর্তে এসে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে ঘিরে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। নির্বাচনের পরিবেশ নিয়ে একদিকে গুরুতর অনিয়মের অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। অন্যদিকে সব অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে উড়িয়ে দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা।

বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে শহরের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে আবিদুর রহমান সোহেল অভিযোগ করেন, নির্বাচনের আগেই পরিবেশ কলুষিত ও ভীতিকর হয়ে উঠেছে। তার দাবি, প্রিজাইডিং অফিসারসহ নির্বাচনী কর্মকর্তাদের একটি অংশ বিশেষ দলের দ্বারা প্রভাবিত এবং এতে ভোটের নিরপেক্ষতা প্রশ্নের মুখে পড়েছে।

তিনি বলেন, ‘আমরা নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগের দাবি জানালেও তা মানা হয়নি। বরং দলীয় সম্পৃক্ত ব্যক্তিদের দায়িত্ব দেয়া হয়েছে, যা একটি সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা।’

জামায়াত প্রার্থীর অভিযোগ, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ প্রকাশ্যে অন্য প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন, যা আচরণবিধির লঙ্ঘন। এছাড়া গ্রামে গ্রামে তাদের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখানোর ঘটনাও ঘটছে বলে দাবি করেন তিনি।

এসব অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের কাছে সাত দফা দাবি তুলে ধরেন আবিদুর রহমান সোহেল। এর মধ্যে রয়েছে- পক্ষপাতদুষ্ট কর্মকর্তাদের অপসারণ, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিশ্চিত করা এবং অবৈধভাবে টাকা বিতরণ বন্ধে কঠোর নজরদারি।

অন্যদিকে, দুপুরে শহরের প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন। তার ভাষ্য, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যেই প্রতিপক্ষ এ ধরনের অভিযোগ করছে।

তিনি বলেন, ‘বগুড়ায় নির্বাচন সব সময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। এখানে ভোট ডাকাতি বা জাল ভোটের কোনো সংস্কৃতি নেই। বরং নির্বাচন বানচালের জন্য অপপ্রচার চালানো হচ্ছে।’

রেজাউল করিম বাদশা আরও বলেন, অতীতের মতো এবারও ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দেবেন বলে তিনি আশা করছেন। তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

এসকে/টিএ

মন্তব্য করুন