আমরা বিজয়ের পথে: ইরানের সাবেক প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত
০৩:৩৫ এএম | ০৯ এপ্রিল, ২০২৬
ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি যুদ্ধবিরতি নিয়ে প্রতিক্রিয়ায় ‘বিজয়ের পথে যাত্রা শুরু’ হয়েছে বলে মন্তব্য করেছেন এবং একই সঙ্গে অভ্যন্তরীণ সংস্কারের আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে রুহানি বলেন, ‘আমরা বিজয়ের পথে যাত্রার শুরুতে আছি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতারণা ও ষড়যন্ত্রের সম্ভাবনা মাথায় রাখতে হবে।’
তিনি দেশের নেতৃত্বের প্রশংসা করেন এবং ইরানের জনগণ ও যোদ্ধাদের রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান। রুহানি ইসফাহানে যুক্তরাষ্ট্রের একটি অভিযানের কথাও উল্লেখ করেন, যেখানে ভূপাতিত এক পাইলটকে উদ্ধারের সময় মার্কিন সরঞ্জাম ও বিমান ধ্বংস হয়েছিল। তিনি এটিকে যুক্তরাষ্ট্রের ‘ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করে বলেন, এটি একটি সতর্কবার্তা।
ভবিষ্যৎ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘নতুন এই পরিস্থিতি পারস্য উপসাগরে একটি যৌথ আঞ্চলিক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নের ভিত্তি হতে পারে। ইরান, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা বৈশ্বিক ও আঞ্চলিক ভারসাম্য ও উন্নয়নে ভূমিকা রাখতে পারে।’
দেশের অভ্যন্তরীণ প্রসঙ্গে রুহানি বলেন, ‘সরকারের নীতি ও কাঠামোয় পরিবর্তন ও সংস্কারের আহ্বান আমাদের গুরুত্ব সহকারে নিতে হবে।’
সূত্র: আল-জাজিরা
আরআই/টিকে