© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যশোর ও কুষ্টিয়ায় অবৈধভাবে মজুত ৫০ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

শেয়ার করুন:
যশোর ও কুষ্টিয়ায় অবৈধভাবে মজুত ৫০ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৫ এএম | ০৯ এপ্রিল, ২০২৬
বাজারে কৃত্রিম সঙ্কট তৈরি করে অতিরিক্ত মুনাফার আশায় অবৈধভাবে ভোজ্যতেল মজুত করার অভিযোগে যশোর ও কুষ্টিয়ায় আলাদা অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ৫০ হাজার লিটার তেল জব্দ করার পাশাপাশি দুই ব্যবসায়ীকে দেড় লাখ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

যশোরে ৯১ লাখ টাকার তেল জব্দ যশোর শহরতলীর নীলগঞ্জ এলাকায় একটি গোডাউন থেকে ৪৩ হাজার ৪৪ লিটার ভোজ্যতেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে ‘মেসার্স নওয়াব আলী মিল’-এ এই অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, গোপন খবরে ওই গোডাউনে অভিযান চালিয়ে ৮১ ব্যারেল সয়াবিন তেল, ৯০ ব্যারেল পাম অয়েল ও ৪০ ব্যারেল সুপার অয়েল পাওয়া যায়। প্রতিটি ব্যারেলে ২০৪ লিটার করে তেল মজুত ছিলো, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯১ লাখ টাকা। বাজারে কৃত্রিম সঙ্কট তৈরির অভিযোগে মিল মালিক হাসিব ইমামীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে কুষ্টিয়া শহরের বড়ো বাজার এলাকায় জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে পাঁচ হাজার ৫৭৩ লিটার সয়াবিন তেল অবৈধ মজুতের প্রমাণ পাওয়া গেছে। অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তাফা হাসান বলেন, কৃষি বিপণন আইন অনুযায়ী ৩০ দিনের বেশি তেল মজুত রাখা যায় না। অথচ এই প্রতিষ্ঠানটি গত ডিসেম্বর থেকে তেল মজুত করে আসছিলো, যার কোনো সন্তোষজনক ব্যাখ্যা তারা দিতে পারেনি।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক মাসুম আলী জানান, বাজারে তেলের কোনো প্রকৃত সঙ্কট নেই। অসাধু ব্যবসায়ীরা মুনাফার আশায় এই মজুতদারি করছে। বাজারের সরবরাহ স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কেএন/এসএন

মন্তব্য করুন