© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যে যুদ্ধবিরোধী বিক্ষোভ অব্যাহত

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যে যুদ্ধবিরোধী বিক্ষোভ অব্যাহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০২ এএম | ০৯ এপ্রিল, ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। দেশটির নিউইয়র্কসহ অন্তত ৫২টি শহরে বিক্ষোভ চলছে। বিক্ষোভ চলছে যুক্তরাজ্যেও। লন্ডনে ইসরাইলি দূতাবাসের বাইরে লেবাননে বিমান হামলার নিন্দা জানিয়েছেন বিক্ষোভকারীরা।

পাকিস্তানের মধ্যস্থাতায় গত মঙ্গলবার (৭ এপ্রিল) ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। যা ইরান ও মার্কিন উভয় পক্ষই নিশ্চিত করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরান এবং তাদের মিত্ররা যুদ্ধবিরতিতে একমত হয়েছে। যা লেবানন ও অন্যসব রণাঙ্গনে কার্যকর হবে।

হিজবুল্লাহ জানায়, তারা এই যুদ্ধবিরতি মেনে চলবে। কিন্তু তা মানতে চাইছে না ইসরাইল। যুদ্ধবিরতির পর ইরানে হামলা থামলেও লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে দেশটি। বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর বলছে, তারা ইরানে মার্কি হামলা বাতিলের সিদ্ধান্ত সমর্থন করলেও এটা লেবাননের ওপর কার্যকর হবে না।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতভর ও বুধবার (৮ এপ্রিল) রাজধানী বৈরুতসহ বেশ কয়েকটি এলাকায় ভয়াবহ বিমান হামলা চালায় ইসরাইল। ইসরাইলি বিমান বাহিনী জানায়, মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননজুড়ে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। হামলায় ২৫৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজারেরও বেশি। লেবাননের পার্লামেন্ট স্পিকার এটিকে ‘পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছেন।

এদিকে ইরানে মার্কিন ও ইসরাইলি আগ্রাসনে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। যুক্তরাষ্ট্রে গত কয়েক সপ্তাহ ধরেই যুদ্ধবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধের বিরুদ্ধে বুধবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রজুড়ে ৬০টিরও বেশি বিক্ষোভ অনুষ্ঠিত হয়। যুদ্ধবিরোধী বিক্ষোভকারীরা ট্রাম্পের যুদ্ধ হুমকির বিরুদ্ধে প্রতিবাদ জানান। সেই সঙ্গে ট্রাম্পকে থামাতে ও মার্কিন বাহিনীকে দেশে ফিরিয়ে আনতে কংগ্রেসের পদক্ষেপ নেয়ার দাবি জানান তারা।

খবরে বলা হয়, ডিসি, নিউইয়র্ক সিটি, ফিলাডেলফিয়া, নিউ জার্সি, পেনসিলভানিয়া, ভার্জিনিয়া ও মেরিল্যান্ডে অনুষ্ঠিত কয়েক ডজন যুদ্ধবিরোধী বিক্ষোভের আয়োজন করে ‘৫০৫০১ মুভমেন্ট’ এবং ‘অ্যানসার কোয়ালিশন’ নামে দুটি সংগঠন।

এর আগে গত মঙ্গলবার (৭ এপ্রিল) ফিলাডেলফিয়া, নিউইয়র্ক সিটি এবং ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের বাইরে অনুষ্ঠিত কয়েকটি বিক্ষোভের পর অনুষ্ঠিত হয়।

আল জাজিরার প্রতিবেদন মতে, বুধবার নিউইয়র্ক সিটির টাইমস স্কোয়ারে শত শত মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করে। বিক্ষোভকারী যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানের বিরুদ্ধে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানান।


বিক্ষোভকারীরা হাতে হাতে প্ল্যাকার্ড ও ব্যানার-ফেস্টুন বহন করেন, যেখানে লেখা ছিল ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করো’ এবং ‘এখনই লেবাননে বোমা হামলা বন্ধ করো’। এদিন ব্রিটেনের লন্ডনে ইসরাইলি দূতাবাসের সামনে ডজনখানেক মানুষ বিক্ষোভ করেছে। তারা লেবাননে প্রাণঘাতী হামলা বন্ধের দাবি জানান। হামলায় ক্ষতিগ্রস্ত ইরানি ও ফিলিস্তিনিদের প্রতিও সংহতি প্রকাশ করেন।

টিজে/এসএন 

মন্তব্য করুন