© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিল উত্থাপনে থতমত প্রতিমন্ত্রী নুর, ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন

শেয়ার করুন:
বিল উত্থাপনে থতমত প্রতিমন্ত্রী নুর, ব্যাখ্যা দিলেন রাশেদ খাঁন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৪ পিএম | ০৯ এপ্রিল, ২০২৬
জাতীয় সংসদ অধিবেশনে বিল উত্থাপন করতে গিয়ে বার বার জটিলতায় পড়ছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তবে তাকে ভুল সংশোধনে সুযোগ করে দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে এমনটা ঘটে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হলে নুরের পাশে দাঁড়ালেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান বিএনপি কর্মী রাশেদ খান।

নুরুল হক নুরের বিল উত্থাপনের সময়কার বিষয়টি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বৃহস্পতিবার এক পোস্টে রাশেদ খাঁন বলেন, ‘প্রতিমন্ত্রী নুরুল হক নুরের বিল উত্থাপন নিয়ে যে ভুলটা পরিলক্ষিত হয়েছে, আসলে এই লেখাটাতেই ত্রুটি রয়েছে। মূলত প্রতিমন্ত্রী নুরুল হক নুর পড়তে গিয়ে বাক্যের সামঞ্জস্যতা পাচ্ছিলেন না, এজন্য তিনি পড়তে গিয়ে আটকে গেছেন। নিজেও বুঝতেছিলেন শব্দ বাক্য মিলতেছে না।’

এটা দাপ্তরিক ভুল দাবি করে রাশেদ খাঁন বলেন, ‘মন্ত্রীরা তো নিজেরা লেখে না, এটা প্রস্তুত করে তাদের সামনে দেওয়া হয়।

এটা শুধু তার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই। সমস্যা হয়েছে, তিনি হয়তো পূর্বে বিষয়টি সময়ের স্বল্পতার কারণে খেয়াল করতে পারেননি।’

রাশেদ খাঁন বলেন, ‘সংসদে তিনি (নুরুল হক নুর) নতুন। বলা যায় মন্ত্রী প্রতিমন্ত্রীদের মধ্যে সবচেয়ে তরুণ।

আশা করি, তিনি এই অনাকাঙ্ক্ষিত ত্রুটি সংশোধন করে নিয়ে ভবিষ্যতে ভালো করবেন।’

পোস্টের শেষে তিনি সাবেক সহযোদ্ধা ও প্রতিমন্ত্রী নুরুল হক নুরের জন্য শুভ কামনা জানান।

প্রতিমন্ত্রী বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল উত্থাপনের করছিলেন। কিন্তু তিনি ঠিকভাবে পড়তে পারছিলেন না। প্রতিমন্ত্রী বলেন, ‘আমি মোহাম্মদ নুরুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী।

বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩ এর অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি মহান জাতীয় সংসদে....। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল-২০২৬ উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনা করা হোক।’

এসময় স্পিকার হাফিজ উদ্দিন বলেন, ‘আবার বলেন।’ নুরুল হক বলেন, ‘আমি মোহাম্মদ নুরুল হক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন-২০১৩ এর অধিকতর সংশোধনকল্পে আনিত বিলটি বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন সংশোধন বিল-২০২৬ উত্থাপিত আকারে বিবেচনা করা হোক।’

এসময় স্পিকার বলে ওঠেন, ‘আবার বলেন-অবিলম্বে বিবেচনার জন্য। আবার উত্থাপন করুন।’

এক পর্যায়ে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল ২০২৬ সংসদে পাস হয়।

টিজে/এসএন 

মন্তব্য করুন