লেবাননের সঙ্গে দ্রুতই সরাসরি আলোচনা শুরু করবে ইসরায়েল: নেতানিয়াহু
ছবি: সংগৃহীত
১১:৫৮ পিএম | ০৯ এপ্রিল, ২০২৬
আলোচনার লক্ষ্য হবে হিজবুল্লাহ গোষ্ঠীকে নিরস্ত্র করা এবং ইসরায়েল ও লেবাননের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করা- বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তিনি তার মন্ত্রিসভাকে লেবাননের সঙ্গে যত দ্রুত সম্ভব সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন।
হিব্রু ভাষায় এক্সে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, সরাসরি আলোচনা শুরুর জন্য লেবাননের কাছ থেকে বারবার আহ্বানের পরিপ্রেক্ষিতে বুধবার মন্ত্রিসভাকে এই নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু।
নেতানিয়াহু জানান, এই আলোচনার লক্ষ্য হবে ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীকে নিরস্ত্র করা এবং ইসরায়েল ও লেবাননের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করা। ইসরায়েলের প্রধানমন্ত্রীর সরাসরি আলোচনায় বসার নির্দেশ দেওয়ার ঘোষণার আগে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছিলেন, দুইপক্ষের মধ্যে সরাসরি আলোচনার মধ্য দিয়ে একটি যুদ্ধবিরতি করাই ‘একমাত্র সমাধান’।
যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও লেবাননে হামলা চালিয়ে আসছে ইসরায়েল, যা নিয়ে বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। লেবাননে ইসরায়েলের চলমান হামলায় ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার মারাত্মক ঝুঁকি সৃষ্টি হয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘও।
এই হামলা বন্ধ করতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ওপরও চাপ বাড়ছিল। এর মধ্যেই লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরুর জন্য নেতানিয়াহুর নির্দেশের খবর এল।
আইকে/টিকে