ঠাকুরগাঁওয়ে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ছবি: সংগৃহীত
১০:০৪ এএম | ১০ এপ্রিল, ২০২৬
ঠাকুরগাঁওয়ে বিআরটিসি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে জেলা সদরের সালান্দর এলাকার বেলতলা নামক স্থানে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত কারও পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পঞ্চগড় থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বেলতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা একজনের মৃত্যু হয়।
এ সময় আরও বেশ কয়েকজন আহত হলে স্থানীয়রা গুরুতর অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তাদের মধ্যে দুজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‘হাইওয়ে ও থানা পুলিশ উভয়েই দুর্ঘটনার বিষয়ে অবগত। পুলিশ দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
টিজে/এসএন