নিরীহ শিশুরা ইসরায়েলি হামলার শিকার, বিশ্বকে ইউনিসেফের সতর্কবার্তা
ছবি: সংগৃহীত
১০:২৬ এএম | ১০ এপ্রিল, ২০২৬
লেবাননে চলমান সংঘাত তীব্রতর হওয়ায় শিশুদের ওপর এর প্রভাব “বিধ্বংসী ও অমানবিক” হয়ে উঠেছে বলে জানিয়েছে ইউনিসেফ।
সংস্থাটি এক বিবৃতিতে জানায়, আঞ্চলিক যুদ্ধবিরতির খবরে যখন দেশজুড়ে কিছুটা আশার সঞ্চার হয়েছিল, ঠিক সেই সময়ই ইসরায়েলের বিমান লেবাননের বিভিন্ন এলাকায় আঘাত হানে। এতে অন্তত ৩৩ শিশু নিহত এবং ১৫৩ জন আহত হয়েছে বলে জানা গেছে।
ইউনিসেফ বলছে, ‘কয়েক মিনিটের মধ্যেই শিশু ও পরিবারগুলো ভয়াবহ বোমাবর্ষণের মুখে পড়ে, যা পুরো কমিউনিটিকে ছিন্নভিন্ন করে দেয়।’
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ২ মার্চ থেকে এখন পর্যন্ত লেবাননে প্রায় ৬০০ শিশু নিহত বা আহত হয়েছে বলেও উল্লেখ করা হয়।
সংস্থাটি আরও জানায়, ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুদের উদ্ধার করা হচ্ছে, তবে অনেক শিশু এখনো নিখোঁজ রয়েছে এবং পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বর্তমানে লেবাননে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ লাখের বেশি, যার মধ্যে প্রায় ৩ লাখ ৯০ হাজারই শিশু।
আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, বেসামরিক মানুষ-বিশেষ করে শিশুদের- সব সময় সুরক্ষা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে বলে মনে করিয়ে দিয়েছে ইউনিসেফ। একই সঙ্গে তারা ঘনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরক অস্ত্রের ব্যবহার বন্ধে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
এসকে/এসএন