© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রোনালদোর গোলের রাতে ইতিহাস গড়ল আল নাসর

শেয়ার করুন:
রোনালদোর গোলের রাতে ইতিহাস গড়ল আল নাসর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৯ এএম | ১২ এপ্রিল, ২০২৬
ক্রিস্টিয়ানো রোনালদোর আরেকটি মাইলফলক স্পর্শের দিনে ইতিহাস গড়েছে আল নাসর। আল অখদুদকে ২-০ হারিয়ে টানা ১৪ ম্যাচ জয়ের ক্লাব রেকর্ড গড়েছে রিয়াদভিত্তিক দলটি।

সৌদি প্রো লিগে শনিবার (১১ এপ্রিল) রাতে রোনালদো ছাড়াও দলের জয়ে গোল করে অবদান রেখেছেন তার পর্তুগিজ সতীর্থ জোয়াও ফেলিক্স।

আল অখদুদের বিপক্ষে জয়টি ছিল একাধিক কারণে তাৎপর্যপূর্ণ। দলের জয়ের পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও উজ্জ্বল হন রোনালদো। এ ম্যাচে গোল করে নিজের ক্যারিয়ারের ৯৬৮তম গোল পূর্ণ করেছেন এই পর্তুগিজ তারকা।

এই জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষে আরও দৃঢ় অবস্থান নিয়েছে আল নাসর। ২৮ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৭০ পয়েন্ট, যা নিকটতম প্রতিদ্বন্দ্বী আল হিলারের চেয়ে ৫ পয়েন্ট বেশি। মৌসুমে বাকি আছে আর মাত্র ছয় ম্যাচ।



সবচেয়ে বড় কথা, এই জয়ের মধ্য দিয়ে লিগ ইতিহাসে নিজেদের সর্বোচ্চ টানা জয়ের রেকর্ড (১৪ ম্যাচ) গড়েছে আল নাসর। শিরোপার পথে এটি তাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে নিঃসন্দেহে।

তবে সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। পরের ম্যাচে আল ইত্তিফাকের মুখোমুখি হওয়ার পরই শুরু হবে চ্যালেঞ্জের আসল ধাপ। শীর্ষ চারের তিন দলের বিপক্ষে খেলতে হবে আল নাসরকে। তাদেরে পরবর্তী প্রতিপক্ষের মধ্যে আল আহলি লিগ টেবিলের তিনে, আল কাদিসিয়াহ চারে আর আল হিলাল দুইয়ে অবস্থান করছে।

এদিকে আল নাসরের টানা জয়ের মধ্যে ব্যক্তিগত লড়াইয়েও উজ্জ্বল রোনালদো। লিগের সর্বোচ্চ গোলদাতার দৌড়ে তৃতীয় স্থানে আছেন তিনি, গোল ২৪টি। তার ওপরে রয়েছেন জুলিয়ান কুইনোনেস (২৬ গোল) এবং শীর্ষে ইভান টোনি (২৭ গোল)। টানা তৃতীয়বারের মতো গোল্ডেন বুট জিততে হলে শেষ কয়েক ম্যাচে ধারাবাহিক পারফরম্যান্সই হবে রোনালদোর প্রধান চ্যালেঞ্জ।

শিরোপার দৌড়ে এগিয়ে থাকলেও এখনও নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই আল নাসরের। তবে রোনালদোর অভিজ্ঞতা ও দলের দুর্দান্ত ছন্দ ধরে রাখতে পারলে ইতিহাসের আরেকটি সাফল্য খুব দূরে নয়। তাছাড়া ২০২৩ সালে সৌদি প্রো লিগে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত লিগ শিরোপা জেতা হয়নি পর্তুগিজ তারকার। এবার সে সুযোগ তাকে হাতছানি দিয়ে ডাকছে।

এমআই/টিকে

মন্তব্য করুন