© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাব করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

শেয়ার করুন:
ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাব করা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৩ এএম | ১৩ এপ্রিল, ২০২৬
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ঢাকায় আন্তর্জাতিক মানের ডিএনএ ল্যাবরেটরি করা হবে। ঢাকায় আড়াই কোটি মানুষের বসবাস। প্রতিবছর ধারাবাহিকভাবে ডিএনএ পরীক্ষার সংখ্যা বাড়তে থাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরিকে একটি আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে।

রোববার (১২ এপ্রিল) ঢাকায় আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের সভাকক্ষে ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি উপদেষ্টা পরিষদের সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, সব বিভাগীয় পর্যায়ে পর্যায়ক্রমে ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরিকে দ্রুত স্বয়ংসম্পূর্ণ প্রোফাইলিং ল্যাবে উন্নীত করা হবে।

তিনি বলেন, ফরেনসিক ডিএনএ ল্যাবের যন্ত্রপাতি ১৫ বছরের অধিক পুরাতন হওয়ায় এর কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। নমুনা বিশ্লেষণের গুণগত মান, বিশুদ্ধতা ও নির্ভুলতা নিশ্চিত করতে নতুন মেশিন স্থাপন করতে হবে।

তিনি আরও বলেন, সব ফরেনসিক ডিএনএ’র রিপোর্ট মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরে সমন্বিত ডাটাবেজের আওতায় নমুনার তথ্য সংরক্ষণে সমন্বয় করতে হবে।

মন্ত্রী বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং সেবা কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের আওতায় ২০০৬ সাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেশের প্রথম আন্তর্জাতিক মানের ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি প্রতিষ্ঠিত হয়। দেশব্যাপি এই সুবিধা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন সময়ে দেশের ৮টি মেডিকেল কলেজ হাসপাতালে ৮টি ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে।

উপদেষ্টা পরিষদে ডিএনএ ল্যাব আধুনিকায়নে প্রয়োজনীয় জনবল, ডাটাবেজ তৈরি, ডিএনএ আইন ও বিধি সংশোধন, যোগ্যতা সম্পন্ন জনবল নিয়োগ, ডিএনএ নমুনা বিশ্লেষণের ফি নির্ধারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন পারভীন এনডিসি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের (অতিরিক্ত সচিব) ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক শবনম মোস্তারী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা, জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের অধ্যাপক, সিআইডি ফরেনসিক বিভাগের ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদ কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী ডিএনএ ল্যাবের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন।

এসকে/টিএ

মন্তব্য করুন