© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আরবিতে দক্ষ ব্যক্তিদের হজগাইড ও সহায়ক কর্মী হিসেবে নিয়োগের নির্দেশ প্রধানমন্ত্রীর

শেয়ার করুন:
আরবিতে দক্ষ ব্যক্তিদের হজগাইড ও সহায়ক কর্মী হিসেবে নিয়োগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৩ এএম | ১৩ এপ্রিল, ২০২৬
হজযাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করতে আরবি ভাষায় দক্ষ ব্যক্তিদের হজগাইড ও সহায়ক কর্মী হিসেবে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী এ কমিটির সভাপতিও।

সভায় প্রধানমন্ত্রী হজযাত্রীদের সেবার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। হজযাত্রীদের সেবার ক্ষেত্রে কোনো গাফিলতি যেন না হয়, সেদিকে খেয়াল রাখার জন্য সংশ্লিষ্টদেরকে অনুরোধ জানান তিনি। পাশাপাশি পরের বছর থেকে আরবি ভাষায় দক্ষ ব্যক্তিদেরকে হজগাইড ও সহায়ক কর্মী হিসেবে নিয়োগের জন্য নির্দেশ দেন।

এছাড়া হজযাত্রীদের সেবায় সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের সম্পৃক্ত করার কথাও বলেন তিনি, যাতে তারা কার্যকরভাবে সেবা দিতে পারেন।

সভায় হজ এজেন্সিগুলোকে তিন দিনের মধ্যে হজযাত্রীদের বাসস্থান (বাড়ি বা হোটেল) ও ফ্লাইট সংক্রান্ত তথ্য ধর্ম মন্ত্রণালয়ের হজ বিষয়ক পোর্টালে আপলোড করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি হজ শেষে এজেন্সিগুলোর পারফরম্যান্স মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এর আগে ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি ২০২৬ সালের হজ ব্যবস্থাপনার অগ্রগতি ও সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন। তিনি সুষ্ঠু হজ ব্যবস্থাপনার বিভিন্ন চ্যালেঞ্জও তুলে ধরেন।

সভায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা), প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, জনপ্রশাসন সচিব মো. এহছানুল হক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার এনডিসি, তথ্য সচিব মাহবুবা ফারজানাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এসকে/টিএ

মন্তব্য করুন