© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যৌথ বাহিনীর অভিযাননারায়ণগঞ্জে অবৈধভাবে মজুতকৃত সয়াবিন তেল ও টিসিবির আটা জব্দ

শেয়ার করুন:
নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুতকৃত সয়াবিন তেল ও টিসিবির আটা জব্দ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩৮ এএম | ১৩ এপ্রিল, ২০২৬
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং অবৈধ মজুদ প্রতিরোধে বিশাল এক যৌথ অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), জেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তর। রোববার (১২ এপ্রিল) বিকেলে পরিচালিত এই অভিযানে ৭৫০০ লিটার সয়াবিন তেল ও টিসিবির ৬৫০ বস্তা আটা জব্দ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্টদের অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়।

বিজিবি জানিয়েছে, অভিযানে নিতাইগঞ্জের ৮১ বংশাল রোডে অবস্থিত ‘মেসার্স বিকে ফুড প্রোডাক্ট’ থেকে অবৈধভাবে মজুদ ও মোড়কজাতকৃত মোট ৭,৫০০ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ সময় প্রতিষ্ঠানের মালিক গৌতম কুমার শাহাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকার ‘এস ডি ফ্লাওয়ার মিলস’ এবং ‘গাউসুল আজম ফুড এন্ড এলাইট মিল’- এ অভিযান চালিয়ে টিসিবির ৬৫০ বস্তা (৩২.৫ টন) আটা উদ্ধার করা হয়। সরকারি এসব পণ্য অবৈধভাবে মজুদ রাখায় মোবাইল কোর্টের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজার ও জিএম-কে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাদের যথাক্রমে ৭ দিন এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ম্যাজিস্ট্রেট।

অভিযানটি নারায়ণগঞ্জের জেলা প্রশাসন, খাদ্য অধিদপ্তর ও পুলিশের সহযোগিতায় ৬২ বিজিবি ব্যাটালিয়ন পরিচালনা করে। এতে উপস্থিত ছিলেন ৬২ বিজিবির উপ-অধিনায়ক মেজর মোঃ ফারজিন ফাহিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফি বিন কাদিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার সুমিত রাজা, খাদ্য অধিদপ্তরের ডিসি মোঃ বাবুল হোসেন।

নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও মজুদদারি ভাঙতে বিজিবি’র এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসকে/টিএ

মন্তব্য করুন