ইরানে নৌ অবরোধেও যুক্তরাজ্যকে পাশে পাচ্ছে না যুক্তরাষ্ট্র!
ছবি: সংগৃহীত
০১:৩৩ পিএম | ১৩ এপ্রিল, ২০২৬
ইরানের বন্দরগুলোতে ডাকা সামরিক নৌ অবরোধে অংশ নেবে না যুক্তরাজ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সময় সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টা থেকে (জিএমটি ২টা) ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ শুরু হওয়ার কথা।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক অবরোধ কার্যকর করার ক্ষেত্রে যুক্তরাজ্য অংশ নেবে না।
প্রতিবেদনে বলা হয়, ইরানের বন্দরগুলো অবরোধ করতে ব্রিটিশ নৌবাহিনীর কোনো জাহাজ ও সৈন্য ব্যবহার করা হবে না, তবে এই অঞ্চলে যুক্তরাজ্যের মাইন অপসারণকারী জাহাজ ও ড্রোনবিরোধী সক্ষমতা মোতায়েন থাকবে।
যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র বলেছেন, ‘নৌ চলাচলের স্বাধীনতা এবং হরমুজ প্রণালি খুলে দেয়ার বিষয়টিকে সমর্থন করে যাচ্ছি। বৈশ্বিক অর্থনীতি এবং জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখতে এটি খোলা রাখা জরুরিভাবে প্রয়োজন।’
রোববার (১২ এপ্রিল) রাতে নিজের মালিকানাধীন সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ১৩ এপ্রিল সকাল ১০টা থেকে ইরানের বন্দরগুলোতে আসা-যাওয়া করা জাহাজগুলোবে অবরোধ করবে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আপনাদের মনযোগের জন্য ধন্যবাদ!
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ১৩ এপ্রিল থেকে তারা ইরানের ওপর নৌ-অবরোধ কার্যকর করতে যাচ্ছে।
বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, ‘পারস্য উপসাগর ও ওমান উপসাগরের ইরানি বন্দরসহ দেশটির সব উপকূলীয় এলাকায় যাতায়াতকারী সব দেশের জাহাজের ওপরই এই অবরোধ সমানভাবে কার্যকর করা হবে।’
এদিকে হরমুজ প্রণালি অবরোধের বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের হুমকির বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, যেকোনো নৌ অবরোধে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা নিশ্চিত।
তিনি বলেন, যেভাবে হরমুজ প্রণালি খুলে দেয়ার চেষ্টা করতে গিয়ে যুক্তরাষ্ট্র ইরানের কাছে একটি ঐতিহাসিক পরাজয়ের মুখে পড়েছিল, তেমনিভাবে যেকোনো নৌ অবরোধের ক্ষেত্রেও তারা ব্যর্থ হতে বাধ্য।
এমআর/টিকে