২ মাসের জন্য জ্বালানি তেলের কর কমাল জার্মানি
ছবি: সংগৃহীত
০২:৫৭ পিএম | ১৩ এপ্রিল, ২০২৬
চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকটে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে স্বস্তি দিতে পেট্রোল ও ডিজেলের ওপর কর কমানোর ঘোষণা দিয়েছে জার্মানি। দেশটির চ্যান্সেলর ফ্রিডরিশ মেরজ এই বিশেষ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। চ্যান্সেলর মেরজ জানান, আগামী দুই মাসের জন্য এই কর ছাড় কার্যকর থাকবে। তাঁর রাজনৈতিক দল সিডিইউ এবং জোট শরিকদের মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সংবাদ সম্মেলনে চ্যান্সেলর মেরজ বলেন, যুদ্ধের কারণে জ্বালানির দামে যে বিশাল ধাক্কা এসেছে, তা থেকে পরিবার এবং ব্যবসায়ীদের রক্ষা করতে আমরা আগামী দুই মাসের জন্য প্রতি লিটার ডিজেল এবং পেট্রোলে প্রায় ১৭ ইউরো সেন্ট (০.২০ মার্কিন ডলার) জ্বালানি কর কমানোর সিদ্ধান্ত নিয়েছি।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে জার্মানির অভ্যন্তরীণ বাজারে মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সরকার এই পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে পরিবহন খাত এবং সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলো এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।
এই সাময়িক কর ছাড়ের ফলে বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমবে, যা সাধারণ মানুষের আর্থিক চাপ লাঘবে সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: আল-জাজিরা
এমআর/টিকে