বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে চোটের মিছিল
ছবি: সংগৃহীত
০৩:২৯ পিএম | ১৩ এপ্রিল, ২০২৬
বিশ্বকাপের আর দুই মাসও বাকি নেই। এমন সময় আর্জেন্টিনা দলে নিয়মিত খেলা একের পর এক ফুটবলার ছিটকে যাচ্ছেন চোটের থাবায়। শিরোপা ধরে রাখার অভিযানে যা তাদের বিশাল এক চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে।
রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচ চলাকালীন প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে মারাত্মক আঘাত পেয়ে কান্নাভেজা চোখে মাঠ ছাড়েন টটেনহ্যামের আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো।
একই দিন ওয়ার্ম-আপের সময় চোট পান অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। পরে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে একাদশ থেকে তাকে বাদ দেওয়া হয়।
দুই দিন আগে খবর আসে চোট কাটিয়ে সদ্যই ফেরা ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্তিনেস আবারও ছিটকে গেছেন মাঠের বাইরে।
রোমেরোর চোটের বিস্তারিত জানা যায়নি এখনও। তবে আঘাতটা যে গুরুতর তা বলে দিচ্ছিল ২৭ বছর বয়সীর কান্নাভেজা দুইু চোখ। বড় শঙ্কা ফুটে ওঠে ধারাভাষ্যকারের কথায়তেও, ‘মনে হচ্ছে, এটা বড় কোনো সমস্যা, তার ক্লাবের জন্য তো বটেই, দেশের জন্য সামনের সময়টায় আন্তর্জাতিক ফুটবলেও।”
রোমেরোর চোট পাওয়াটাক টটেনেহ্যামের নতুন কোচ রবের্তো দে জের্বি বলেছেন, ‘খুবই বাজে।’ তবে তিনি এর তীব্রতা সম্পর্কে অবগত নন।
আর্জেন্টিনার প্রথম পছন্দের গোলরক্ষক মার্তিনেসের চোটের বিস্তারিত জানা যায়নি।

বিশ্বজয়ী দলের আরেক গুরুত্বপূর্ণ সদস্য মার্তিনেসের চোটের ব্যপারে শুক্রবার ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, তার বাঁ পায়ের সোলিয়াস মাংসপেশিতে আবারও আঘাত পেয়েছেন এই স্ট্রাইকার। মাত্র কয়েকদিন আগে সাত সপ্তাহের বিরতির পর মাঠে ফিরেছিলেন তিনি।
ক্লাবের মেডিকেল পরীক্ষায় দেখা গেছে, আগের জায়গাতেই হালকা মাংসপেশির টান ধরা পড়েছে। আগামী কয়েকদিনে তার অবস্থা পুনর্মূল্যায়ন করা হবে। ফলে স্বল্পমেয়াদে তার খেলার সুযোগ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে একই চোট বার বার ফিরে আসাটা লম্বা সময়ের জন্য ভালো কোনো লক্ষণ যে নয় এটাও নিশ্চয় জানা মার্তিনেসের।
এই সময়ে তার চোট পাওয়া ইন্টার মিলানের জন্য বড় ধাক্কা। সিরি আ শিরোপা দৌড়ে শীর্ষে থাকা দলটির জন্য মার্টিনেজ ছিলেন অন্যতম ভরসা। চলতি মৌসুমে তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে ২০ গোল ও ৪টি অ্যাসিস্ট করেছেন।
টিজে/টিএ