হরমুজ প্রণালি থেকে পিছু হটল মার্কিন ডেস্ট্রয়ার, আইআরজিসির ভিডিও প্রকাশ
ছবি: সংগৃহীত
০৪:০১ পিএম | ১৩ এপ্রিল, ২০২৬
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে তাদের নৌবাহিনীর সতর্কবার্তার পর প্রণালির পূর্বাংশ থেকে মার্কিন ডেস্ট্রয়ারগুলো সরে যাচ্ছে।
রবিবার এক বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালি অতিক্রমের যেকোনো সামরিক প্রচেষ্টার কঠোর জবাব দেওয়া হবে। বর্তমানে নির্দিষ্ট শর্তসাপেক্ষে কেবল বেসামরিক জাহাজগুলোকে এই পথ দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।
একই সঙ্গে গণমাধ্যমে প্রকাশিত মার্কিন জাহাজ প্রণালি অতিক্রমের খবরকে 'ভিত্তিহীন' বলে নাকচ করে দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছিল যে, ১১ এপ্রিল থেকে তাদের দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার সেখানে মাইন অপসারণের প্রস্তুতি হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। তবে খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
এদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় রাত আটটা) থেকে তারা ইরানি বন্দরগুলোতে সর্বাত্মক অবরোধ শুরু করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে ইরানের ব্যর্থতা এবং পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ না করার জবাবে এই নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও সতর্ক করেছেন যে, মার্কিন নৌবাহিনী হামলাকারী যেকোনো ইরানি লক্ষ্যবস্তুকে ধ্বংস করবে এবং ইরানকে ট্রানজিট টোল প্রদানকারী জাহাজগুলোকে আটক করা হবে।
জবাবে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরান কোনো হুমকির মুখে নতি স্বীকার করবে না। আইআরজিসি সাফ জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালির দিকে যেকোনো সামরিক জাহাজের অগ্রসর হওয়া বর্তমান যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য হবে। উল্লেখ্য, পাকিস্তানে দুই দেশের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এর ফলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে গেছে।
সূত্র: তাসনিম নিউজ
টিজে/টিএ