যুদ্ধের বিরুদ্ধে কথা বলা থামাবো না: পোপ
ছবি: সংগৃহীত
০৫:১০ পিএম | ১৩ এপ্রিল, ২০২৬
ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার মুখেও যুদ্ধবিরোধী অবস্থানে অবিচল থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও চতুর্দশ। তিনি অভিযোগ করেছেন, বর্তমানে খ্রিস্টীয় বা সুসমাচারের বার্তার অপব্যবহার করা হচ্ছে।
আলজিয়ার্সগামী একটি বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রথম মার্কিন পোপ হিসেবে ইতিহাস গড়া এ ধর্মগুরু এসব কথা বলেন। মূলত আলজিয়ার্স থেকে শুরু করে চারটি আফ্রিকান দেশে তার ১০ দিনের এক দীর্ঘ সফরকে সামনে রেখেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষিতে পোপ লিও জানিয়েছেন, তিনি কারো সাথে কোনো ধরনের বিতর্কে জড়াতে চান না। তবে তিনি মনে করেন, কিছু মানুষ যেভাবে খ্রিস্টীয় বার্তার অপব্যবহার করছে, তা কোনোভাবেই উচিত নয়। বিশ্বজুড়ে চলমান সংঘাতের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বহু নিরীহ মানুষ নিহত হচ্ছে। এবং আমি মনে করি, কাউকে এগিয়ে এসে বলতে হবে যে এর চেয়ে ভালো একটি উপায় আছে।
সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, পোপ নিশ্চিত করেছেন, তিনি যুদ্ধের বিরুদ্ধে তার সোচ্চার ভূমিকা অব্যাহত রাখবেন। একইসঙ্গে তিনি সংঘাত এড়াতে শান্তি প্রতিষ্ঠা, পারস্পরিক সংলাপ ও বহুপাক্ষিক সম্পর্ক জোরদার করার মাধ্যমে যেকোনো সমস্যার একটি ন্যায়সঙ্গত সমাধান খুঁজতে সর্বদা সচেষ্ট থাকবেন বলে অঙ্গীকার করেছেন।
তথ্যসূত্র: আলজাজিরা
টিজে/টিএ