পোপকে ব্যঙ্গ করে যিশুর আদলে ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত
০৮:১৫ পিএম | ১৩ এপ্রিল, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভ্যাটিকানের মধ্যেকার বিরোধ এখন প্রকাশ্য যুদ্ধে রূপ নিয়েছে। প্রথম মার্কিন পোপ লিও চতুর্দশকে ‘দুর্বল’ ও ‘ভয়াবহ’ আখ্যা দেওয়ার পর এবার নিজেকে যিশু খ্রিস্টের আদলে উপস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেছেন ট্রাম্প। ট্রাম্পের এমন কর্মকাণ্ডে বিশ্বজুড়ে ক্যাথলিক সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
রোববার (১২ এপ্রিল) রাতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক দীর্ঘ পোস্টে ট্রাম্প পোপের কঠোর সমালোচনা করেন। তিনি লেখেন, পোপ লিও অপরাধ দমনে অত্যন্ত দুর্বল এবং পররাষ্ট্রনীতিতে ভয়াবহ। আমি এমন কোনো পোপ চাই না যিনি ইরানের পারমাণবিক অস্ত্র থাকাকে সমর্থন করেন কিংবা ভেনেজুয়েলায় আমেরিকার হামলার সমালোচনা করেন।
ট্রাম্প দাবি করেন, কেবল তার (ট্রাম্পের) সাথে বোঝাপড়া করার জন্যই চার্চ একজন মার্কিনিকে পোপ হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি বিদ্রূপ করে বলেন, আমি হোয়াইট হাউসে না থাকলে লিও কোনোদিন ভ্যাটিকানে থাকতেন না। মূলত ইরান যুদ্ধ ও অভিবাসন নীতি নিয়ে পোপের শান্তিবাদী অবস্থানের কারণেই ট্রাম্প তার ওপর চটেছেন। গত সপ্তাহে ট্রাম্পের ইরান ধ্বংসের হুমকির প্রেক্ষিতে পোপ একে ‘অগ্রহণীয়’ বলে অভিহিত করেছিলেন।
পোপকে আক্রমণের ঠিক এক ঘণ্টা পর ট্রাম্প একটি এআই-জেনারেটেড ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, ট্রাম্প যিশু খ্রিস্টের পোশাকে একজন অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে তুলছেন এবং চিকিৎসক ও সামরিক কর্মকর্তারা সগর্বে তা দেখছেন। এই ছবি প্রকাশ্যে আসার পর রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে পোপ বিশেষজ্ঞ মাসিমো ফাগিওলি বলেন, হিটলার বা মুসোলিনিও কখনও পোপকে এভাবে সরাসরি আক্রমণ করার সাহস দেখাননি।
ট্রাম্পের এই নজিরবিহীন আক্রমণের জবাবে সোমবার সকালে পোপ লিও চতুর্দশ অত্যন্ত সংযত কিন্তু দৃঢ় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অ্যাসোসিয়েটেড প্রেসকে তিনি বলেন, গসপেল বা সুসমাচারের বাণীকে প্রেসিডেন্ট যেভাবে ব্যবহার করার চেষ্টা করছেন, তা দুঃখজনক। আমি কোনো বিতর্কে জড়াতে চাই না, তবে শান্তির বার্তা প্রচার থেকে পিছিয়েও আসব না।
পোপ আরও যোগ করেন, গসপেলের বার্তা খুব স্পষ্ট, ‘শান্তি স্থাপনকারীরা ধন্য’। আমি যুদ্ধের পরিবর্তে শান্তি ও পুনর্মিলনের সেতু নির্মাণের আহ্বান চালিয়ে যাব।
আইকে/টিএ