© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভুয়া রাজনৈতিক পোস্ট ঘিরে ব্যাখ্যা দিলেন সুপারস্টার জিৎ

শেয়ার করুন:
ভুয়া রাজনৈতিক পোস্ট ঘিরে ব্যাখ্যা দিলেন সুপারস্টার জিৎ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৮ পিএম | ১৩ এপ্রিল, ২০২৬
টলিউড সুপারস্টার জিৎ-কে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি রাজনৈতিক পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সেখানে দাবি করা হয়, অভিনেতা নাকি রাজ্যের বর্তমান সরকারের সমালোচনা করে বামপন্থীদের সমর্থনে মন্তব্য করেছেন এবং ফের বাম সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। এই পোস্ট ভাইরাল হতেই নেটমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা, বিভ্রান্তি এবং পাল্টা প্রতিক্রিয়া।

ভাইরাল হওয়া ওই পোস্টে জিতের ছবি ব্যবহার করে রাজনৈতিক বার্তা ছড়ানো হয়, যেখানে বর্তমান শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তুলে অতীতের বাম শাসনামলের প্রসঙ্গ টানা হয়। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়তেই অনেকেই ধরে নেন, অভিনেতা নিজেই এমন মন্তব্য করেছেন। এতে রাজনৈতিক অঙ্গনেও উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন পক্ষ থেকে সমালোচনাও শুরু হয়।



তবে বিতর্ক বাড়তেই বিষয়টি স্পষ্ট করতে সরাসরি প্রতিক্রিয়া দেন জিৎ। তিনি জানান, সামাজিক মাধ্যমে তাঁর নামে যে রাজনৈতিক মন্তব্য ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। এমন কোনো মন্তব্য তিনি কখনোই করেননি বলে স্পষ্টভাবে অস্বীকার করেন অভিনেতা।

এই ঘটনায় ফের সামনে এসেছে সেলিব্রিটিদের নাম ব্যবহার করে ভুয়ো পোস্ট ছড়ানোর প্রবণতা। বিশেষ করে রাজনৈতিক আবহের সময় এমন বিভ্রান্তিকর তথ্য দ্রুত ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যেও ভুল ধারণা তৈরি হচ্ছে বলে মত ওয়াকিবহাল মহলের।

অভিনেতার স্পষ্টীকরণের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও, এই ঘটনায় নেটমাধ্যমে গুজব এবং যাচাই না করা তথ্যের প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

আইকে/টিএ

মন্তব্য করুন