© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পৃথিবীতে ফিরতেই আর্টেমিস ২-এর মহাকাশচারীর আদুরে রিইউনিয়ন, কার সঙ্গে সময় কাটালেন?

শেয়ার করুন:
পৃথিবীতে ফিরতেই আর্টেমিস ২-এর মহাকাশচারীর আদুরে রিইউনিয়ন, কার সঙ্গে সময় কাটালেন?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫১ এএম | ১৪ এপ্রিল, ২০২৬
২১৮ ঘণ্টারও বেশি সময়ের বিচ্ছেদব্যথাকে ভুলিয়ে দিলো কয়েক সেকেন্ডের ‘ঘরে ফেরার গান’। না, এই গানে কোনও পরিচিত সুর নেই। ধরাবাঁধা লিরিক্স নেই। রয়েছে না-মানুষি ভাষার প্রকাশ। আর নিখাদ ভালোবাসার অকপট অভিব্যক্তি। ২১৭ ঘণ্টা, ৩২ মিনিট আর ১৫ সেকেন্ড চাঁদের কক্ষপথে পরিক্রমা সেরে শনিবার ১১ এপ্রিল পৃথিবীর বুকে ফিরে এসেছেন আর্টেমিস ২ (Artemis II)-এর নভোচরেরা। NASA-র ওই দলের অন্যতম মহাকাশচারী ক্রিস্টিনা কচ বাড়িতে ফেরার মুহূর্তের যে ভিডিয়ো ক্লিপ শেয়ার করেছেন, তাতে মালকিনকে দেখে তাঁর পোষ্য কুকুরের আনন্দ আর উচ্ছ্বাসে অভিভূত নেটিজ়েনদের এক বড় অংশ।

প্রায় ৫৬ বছর পর ফের চাঁদের পথে পাড়ি দিয়ে আর্টেমিস ২ -এর কমান্ডার রিড উইজ়ম্যান, পাইলট ভিক্টর গ্লোভার এবং মিশন বিশেষজ্ঞ ক্রিস্টিনা কচ এবং জেরেমি হ্যানসেন ইতিহাস তৈরি করেছেন। এই মিশন শুরু হওয়ার পর থেকেই ‘ওরিয়ন’ ক্যাপসুলের ৪ মহাকাশচারীকে নিয়ে পৃথিবীবাসীর আগ্রহ আর উদ্দীপনার সীমা ছিল না। স্পেসক্র্যাফ্টের ভিতর কেমন কেটেছে তাঁদের দিন? কী কী করেছেন তাঁরা? সবটা নিয়েই মানুষের আগ্রহ ছিল তুঙ্গে।

ফিরে আসার পরও তাঁদের নিয়ে চলছে চর্চা। ভারতীয় সময় অনুযায়ী, সোমবার সকালে আর্টেমিস ২-এর মহাকাশচারী ক্রিস্টিনা কচ তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পোষ্যের রিঅ্যাকশন ভিডিয়ো, যা এখন আক্ষরিক অর্থেই ভাইরাল। তিনি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে যে ভিডিয়োটি শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে: ঘরের দরজার ও পাশে দাঁড়িয়ে রয়েছেন ক্রিস্টিনা। দরজা খুলতেই তাঁর পোষ্য কুকুর স্যাডি (Sadie) আনন্দে লাফিয়ে উঠে লেজ নাড়াতে নাড়তে এক ছুটে কার্যত মালকিনের গায়ে উঠে পড়ে। মালকিন যে রীতিমতো যুদ্ধ জিতে ফিরে শারীরিক ভাবে বিধ্বস্ত হয়ে রয়েছেন, সে সব নিয়ে অবশ্য পোষ্য়ের কোনও মাথাব্যথা নেই। থাকতে যাবেই বা কেন? প্রিয়তম বন্ধু ঘরে ফিরেছে। এর চেয়ে বেশি তো আর কিচ্ছু চাই না তার স্যাডির। অতঃপর আনন্দে বিভোর সে। শুধু ভিডিয়ো নয়, ক্রিস্টিনা তাঁর পোষ্যের সঙ্গে শেয়ার করেছেন বেশ কিছু ছবিও।

মহাকাশ যাত্রা থেকে ফিরেই পোষ্যের সঙ্গে সমুদ্রে ছুটি কাটাতে গিয়েছিলেন ক্রিস্টিনা।দু'জনে মনের আনন্দে সমুদ্র সৈকতে ছুটে বেড়াচ্ছেন, সেই ভিডিয়োও শেয়ার করেছেন তিনি। এতদিন পরে বন্ধু হিসেবে একে-অন্যকে কাছে পেয়ে দু'জনেই আত্মহারা। ক্রিস্টিনা তাঁর পোস্টে আরও লিখেছেন, 'মিশন থেকে ফিরে এটাই হয়তো তাঁর সবচেয়ে প্রিয় রিইউনিয়ন'।

প্রসঙ্গত এর আগেও ২০২০ সালে তিনি যখন মহাকাশে প্রায় ১১ মাস কাটিয়ে পৃথিবীতে ফিরেছিলেন, তখনও তাঁর জন্য অপেক্ষা করছিল তাঁর পোষ্য কুকুর 'এলবিডি' (LBD)। জ্যোতির্বিজ্ঞানের জটিল বেড়াজাল থেকে বেরিয়ে পৃথিবীতে ফিরে পোষ্যের সঙ্গে ক্রিস্টিনার এই রিইউনিয়ন মন কেড়েছে নেটিজ়নদের। আর সেই সঙ্গে চোখ ভিজে এসেছে অনেকের ক্রিস্টিনা পোস্টের লেখা পড়ে। এক জায়গায় নভোচর লিখেছেন: স্যাডিই তাঁকে শিখিয়েছে কী ভাবে অনুভূতিপ্রবণ সাপোর্ট অ্যানিম্যাল হয়ে ওঠা সম্ভব। এ ভাবেই হয়তো ক্রিস্টিনা বুঝিয়ে দিলেন: না-মানুষি ভাষা আর অভিব্যক্তিও মানুষকে কত অনায়াসে শেখাতে পারে মানবিক অনুভূতির মর্মস্পর্শী কথা।

আরআই/টিএ

মন্তব্য করুন