© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নড়াইলে সাইকেল চালিয়ে গ্রামবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালো স্কুলছাত্রীরা

শেয়ার করুন:
নড়াইলে সাইকেল চালিয়ে গ্রামবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালো স্কুলছাত্রীরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০০ পিএম | ১৪ এপ্রিল, ২০২৬
নড়াইল সদর উপজেলার গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নিয়েছে নতুন বছরকে। পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) উপলক্ষে রঙ-বেরঙের শাড়ি পরে সাইকেল চালিয়ে গ্রামবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে ওই বিদ্যালয়ের ছাত্রীরা। একই সঙ্গে বই পড়ার অভ্যাসকে উৎসাহিত করতে শিক্ষার্থীদের পুরস্কৃত করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এই সাইকেল শোভাযাত্রাটি শুরু হয়। ছাত্রীদের সাইকেল র‍্যালির পাশাপাশি ছাত্র ও শিক্ষকরা হেঁটে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। গ্রামবাংলার চিরাচরিত উৎসবের সাথে পরিবেশবান্ধব সাইকেলের এই সমন্বয় দেখে মুগ্ধ হন স্থানীয় বাসিন্দারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল ও বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরি নড়াইল ইউনিটের কর্মকর্তা প্রদীপ কুমার সরকার।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরিতে বিশ্বসাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এ সময় বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির যুগে কিশোর-কিশোরীদের বইয়ের পাতায় ফিরিয়ে আনা এবং সুস্থ সাংস্কৃতিক চর্চা বজায় রাখা জরুরি।

ব্যতিক্রমী এই আয়োজন সম্পর্কে সপ্তম শ্রেণির জেসি ধর ও দশম শ্রেণির বীথি পাঠক জানায়, তারা প্রতিদিন সাইকেল চালিয়েই স্কুলে যাতায়াত করে। পহেলা বৈশাখের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই তারা শাড়ি পরে দলবেঁধে সাইকেল চালিয়ে গ্রাম ঘুরেছে। এই আনন্দঘন মুহূর্ত তাদের স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে।

স্থানীয় বাসিন্দা প্রকাশ কুমার ও লাকি বেগম বলেন, "জ্বালানি তেলের এই সংকটের সময়ে সাইকেল এক অসাধারণ পরিবেশবান্ধব বাহন। এই স্কুলের সব ছেলে-মেয়ে সাইকেল চালাতে পারে, যা সত্যিই প্রশংসনীয়। তাদের এই সচেতনতামূলক শোভাযাত্রা আমাদের মুগ্ধ করেছে।"

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল জানান, জেলা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত এই বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী নিয়মিত সাইকেল চালিয়ে যাতায়াত করে। তিনি বলেন, 'সুস্থ শরীর ও মনের বিকাশে সাইকেল চালানো এবং বই পড়ার কোনো বিকল্প নেই। এরই ধারাবাহিকতায় আমরা সাইকেলযোগে নতুন বছরকে বরণ করে নিয়েছি।"

প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান আলেক বিদ্যালয়ের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, শহর থেকে দূরে অবস্থিত হলেও শিক্ষার মান ও সাহিত্য-সংস্কৃতি চর্চায় এই বিদ্যালয়টি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

আইকে/টিএ

মন্তব্য করুন