বৈশাখে মায়ের সঙ্গে দোকান দিতাম: তাসনিয়া ফারিণ
ছবি: সংগৃহীত
১০:১৫ পিএম | ১৪ এপ্রিল, ২০২৬
তাসনিয়া ফারিণ একজন জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী ও মডেল, যিনি টেলিভিশন নাটক, ওয়েব সিরিজ ও সিনেমায় অনবদ্য অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। তার স্বাভাবিক অভিনয়, মিষ্টি হাসি এবং আত্মবিশ্বাসী উপস্থিতি তাকে তরুণ প্রজন্মের অন্যতম প্রিয় মুখে পরিণত করেছে।
দেশের আলোচিত এই অভিনেত্রী জানালেন পহেলা বৈশাখ এলে মায়ের সঙ্গে মেলায় গিয়ে দোকান দিতেন। বর্ষবরণ অনুষ্ঠান উদযাপনে মেতে ওঠা এই অভিনেত্রী শৈশব-কৈশোরের স্মৃতিচারণ করে বলেন, ‘ছোটবেলার কথা খুব মনে পড়ে। তখন শহরেও মেলা বসত। আমি মায়ের সঙ্গে গিয়ে দোকান দিতাম। কখনো মুড়ি-বাতাসা, কখনো স্কুলের বৈশাখী অনুষ্ঠানে আচার বা পিঠা বিক্রি করতাম।’

তিনি আরও বলেন, ‘আমাদের বাসা থেকে রমনা বটবৃক্ষ পায়ে হাঁটা পথ। নতুন পোশাকে সেজে বাড়ির বড়দের হাত ধরে সেখানে পৌঁছে যেতাম। সকলের সঙ্গে বুঁদ হয়ে গান শুনতাম।’
সময় বদলেছে। চাইলেই এখন জনস্রোতে পা মেলাতে পারেন না তাসনিয়া ফারিণ। তিনি বলেন, ‘বদলে যেখানে থাকি, সেখানে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিই। আমি কিন্তু লাল পাড় সাদা শাড়ি কিনেছি। মা রকমারি পিঠা বানিয়েছেন।’
নববর্ষ উদযাপন নিয়ে তাসনিয়া ফারিণ বলেন, ‘গত কয়েক বছর ধরে এই সময়ে ঈদের আগের রোজা পড়েছে। আমরা তেমনভাবে উদযাপন করতে পারিনি। এ বছর সেটা হবে।’
এমআর/টিএ