© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাসায় হাসনাতের সঙ্গে সাক্ষাৎ নিয়ে মুখ খুললেন আ.লীগ নেতা মনজুর

শেয়ার করুন:
বাসায় হাসনাতের সঙ্গে সাক্ষাৎ নিয়ে মুখ খুললেন আ.লীগ নেতা মনজুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৯ এএম | ১৫ এপ্রিল, ২০২৬
চট্টগ্রামে সাবেক সিটি মেয়র ও আওয়ামী লীগ নেতা এম. মনজুর আলমের বাসায় গিয়ে ছাত্রদল, জুলাই আন্দোলনের কর্মী ও ছাত্র-জনতার তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে নগরের আকবর শাহ থানার উত্তর কাট্টলী এলাকার ‘এইচ এম ভিলা’ নামের একটি বাসভবনে এ ঘটনা ঘটে। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং একপর্যায়ে তাকে বাসা থেকে বের হয়ে যেতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ৩টার দিকে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সাবেক মেয়র মনজুর আলমের বাসায় যান। তার আগমনকে ঘিরে এলাকার বাসিন্দা ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই খবরটি আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং ছাত্রদল, জুলাই আন্দোলনের কর্মী ও ছাত্রজনতা বাসার সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। তারা জানতে চান, কী উদ্দেশ্যে তিনি ওই বাসায় এসেছেন এবং সেখানে কোনো ধরনের বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল কি না। 

চট্টগ্রামে সাবেক সিটি মেয়র ও আওয়ামী লীগ নেতা এম. মনজুর আলম দেশের একটি গণমাধ্যমকে বলেন, হাসনাত আবদুল্লাহ বিকেল ৩টার দিকে আমার বাসায় আসেন এবং কিছু সময় অবস্থান করে পরে চলে যান। এখানে কোনো ধরনের ঝামেলা বা সমস্যা হয়নি। এটি রাজনৈতিক কোনো বৈঠক ছিল না, বরং ব্যক্তিগত সৌজন্য সাক্ষাৎ ছিল।

জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন বলেন, হাসনাত আবদুল্লাহ চট্টগ্রামে ব্যক্তিগত কাজে এসেছিলেন। এ সময় কিছু ছাত্রদল কর্মী তার সঙ্গে দেখা করতে গিয়ে ছবি তুলতে না পেরে সামান্য হট্টগোলের সৃষ্টি হয়।

উল্লেখ্য, মোহাম্মদ মনজুর আলম ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন এবং স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।


ইউটি/টিএ 

মন্তব্য করুন