হিজবুল্লাহর হামলায় ১১ ইসরাইলি সেনা আহত
ছবি: সংগৃহীত
০১:৫৩ এএম | ১৫ এপ্রিল, ২০২৬
দক্ষিণ লেবাননের বিনত জেবেইল এলাকায় সোমবার (১৩ এপ্রিল) রাতে হিজবুল্লাহর অতর্কিত হামলায় ১১ ইসরাইলি সেনা আহত হয়েছেন। ইসরাইলি সংবাদমাধ্যমের বরাতে আল-জাজিরা এই তথ্য জানিয়েছে। তবে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে ১০ জন সেনা আহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনীর ভাষ্যমতে, রাতভর বিনত জেবেইল শহরে হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ চলে। এই লড়াইয়ে আহত সেনাদের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এছাড়া একজনের আঘাত মাঝারি এবং বাকি ছয়জন সামান্য আহত হয়েছেন।
আহতরা সকলেই প্যারাট্রুপার ব্রিগেডের সদস্য। সামরিক বাহিনী জানিয়েছে, তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে সংশ্লিষ্ট পরিবারগুলোকে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে।
গত কয়েক দিন ধরে ইসরাইলি বাহিনীর স্থল অভিযানের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠেছে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই বিনত জেবেইল শহর।
সূত্র: আলজাজিরা।
এমআই/টিএ