নতুন বছরে পর্যটন উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান পর্যটন মন্ত্রীর
ছবি: সংগৃহীত
০৪:২৭ এএম | ১৫ এপ্রিল, ২০২৬
নতুন বছরে নতুন প্রত্যয় নিয়ে পর্যটনের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলাদেশ পর্যটন করপোরেশন কর্তৃক আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বর্ষবরণ শুধু নতুন বছরের সূচনা নয়, বরং এটি জাতীয় পরিচয়কে উপলব্ধি করার দিন। তিনি দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ও দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরো বলেন, আমরা দেশকে আরো সুন্দরভাবে বিশ্বে তুলে ধরতে চাই। পর্যটনের উন্নয়নের মাধ্যমে তা সম্ভব হতে পারে। যদি আমরা দেশের সংস্কৃতিকে ধারণ করি তাহলে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা।
এছাড়াও অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউটি/টিএ