© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ন্যাটোর সহযোগিতা নিয়ে মেলোনির ওপর ক্ষুব্ধ ট্রাম্প

শেয়ার করুন:
ন্যাটোর সহযোগিতা নিয়ে মেলোনির ওপর ক্ষুব্ধ ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪০ এএম | ১৫ এপ্রিল, ২০২৬
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাম্প্রতিক অবস্থানে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধে ওয়াশিংটনকে প্রয়োজনীয় সহায়তা না করার অভিযোগে মেলোনি তাকে ‘হতবাক’ করেছেন বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ইতালীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি মেলোনির সমালোচনা করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প উল্লেখ করেন, দীর্ঘ সময় মেলোনির সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। এর কারণ হিসেবে তিনি বলেন, "মেলোনি ন্যাটোর কার্যক্রমে আমাদের সহযোগিতা করতে আগ্রহী নন। এমনকি পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় অংশ নিতেও তার অনীহা রয়েছে। আমি তাকে যেমনটা ভেবেছিলাম, তিনি আদতে তেমন নন।"

ইরানের সম্ভাব্য পারমাণবিক কর্মসূচি এবং জ্বালানি তেলের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, মেলোনি আর আগের অবস্থানে নেই, যা ইতালির ভবিষ্যৎকেও বদলে দিতে পারে। ইতালির অভ্যন্তরীণ ও জ্বালানি নীতির সমালোচনা করে তিনি দেশটির জনগণের উদ্দেশে প্রশ্ন তোলেন, সরকার কেন ইরানের তেল আমদানির বিষয়ে কার্যকর ভূমিকা নিচ্ছে না।

এর আগে ইরানের তেল সম্পদ নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করা ট্রাম্প আরও বলেন, আমি ভেবেছিলাম তিনি (মেলোনি) অত্যন্ত সাহসী হবেন, কিন্তু আমি ভুল ছিলাম। তার এই আচরণ অগ্রহণযোগ্য। তিনি হয়তো বুঝতে পারছেন না যে ইরানের পারমাণবিক সক্ষমতা ইতালির জন্য কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে।

এদিকে ট্রাম্পের এমন কড়া মন্তব্যের বিপরীতে অবস্থান নিয়েছে ইতালির রাজনৈতিক দলগুলো। খোদ বিরোধী দলগুলোও নিজ দেশের প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ট্রাম্পের কঠোর সমালোচনা করেছে। দেশটির ডেমোক্রেটিক পার্টির নেত্রী এলি শ্লাইন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই আক্রমণাত্মক বক্তব্যের আমরা তীব্র নিন্দা জানাই। বিশেষ করে পোপ লিওর প্রতি সংহতি প্রকাশ করায় মেলোনির ওপর এই আক্রমণ কোনোভাবেই কাম্য নয়।

শ্লাইন আরও যোগ করেন, অভ্যন্তরীণ রাজনীতিতে আমরা প্রতিদ্বন্দ্বী হতে পারি, কিন্তু বহিরাগত কোনো হুমকি বা আক্রমণের মুখে আমরা সবাই ইতালীয় হিসেবে ঐক্যবদ্ধ। দেশের সরকার বা সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো ধরনের আক্রমণ আমরা বরদাস্ত করব না।

ইউটি/টিএ

মন্তব্য করুন