© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২২ এএম | ১৫ এপ্রিল, ২০২৬
বাংলা নববর্ষ ও পয়লা বৈশাখ উপলক্ষে অস্ট্রেলিয়া প্রবাসীসহ বিশ্বের সকল প্রান্তের বাঙালিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক বিশেষ বার্তায় তিনি এই শুভকামনা জানান।

শুভেচ্ছাবার্তায় আলবানিজ বলেন, শতাব্দীপ্রাচীন পয়লা বৈশাখের ঐতিহ্য বাঙালিদের ঐক্যবদ্ধ করার এক অনন্য মাধ্যম। এই উৎসবটি মূলত নতুন জীবনের প্রতীক, যা বাঙালি সম্প্রদায়কে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করার পাশাপাশি সমাজে গভীর সংহতি তৈরি করে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, এই দিনটি কেবল উৎসবের আমেজ, উপহার আদান-প্রদান কিংবা বিশেষ খাবারের আয়োজনে সীমাবদ্ধ নয়; বরং এটি নতুন প্রত্যাশা লালন এবং বিগত বছরের আত্মদর্শনেরও একটি বিশেষ সময়।

অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজব্যবস্থার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পয়লা বৈশাখের মতো বর্ণিল সাংস্কৃতিক আয়োজনগুলো আমাদের বৈচিত্র্যময় জাতিসত্তার পরিচয় দেয়। এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বহুসাংস্কৃতিক অর্জনের কথাই বারবার স্মরণ করিয়ে দেয়।

অস্ট্রেলিয়ার জাতীয় সমৃদ্ধিতে প্রবাসী বাঙালিদের অবদানের প্রশংসা করে আলবানিজ বলেন, 'অস্ট্রেলিয়ায় বসবাসরত বাঙালি সম্প্রদায়কে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। আপনাদের পরিশ্রম, বড় হওয়ার আকাঙ্ক্ষা এবং এ দেশের প্রতি মমত্ববোধ আমাদের রাষ্ট্রকে প্রতিনিয়ত সমৃদ্ধ ও শক্তিশালী করছে।'

বার্তার শেষভাগে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, নতুনের আবাহন সবার জীবনে অনাবিল আনন্দ ও নতুন প্রাণের সঞ্চার করবে। তিনি তাঁর বার্তার সমাপ্তি টানেন বাংলা শব্দে 'শুভ নববর্ষ লিখে।

এসএস/টিএ

মন্তব্য করুন