© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জয়পুরহাটে প্রবাসীর বাড়ির দরজায় শিকল লাগিয়ে গোয়াল থেকে ৫টি গরু চুরি

শেয়ার করুন:
জয়পুরহাটে প্রবাসীর বাড়ির দরজায় শিকল লাগিয়ে গোয়াল থেকে ৫টি গরু চুরি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৫ এএম | ১৫ এপ্রিল, ২০২৬
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এক প্রবাসীর বাড়ি থেকে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরের দরজায় বাহির থেকে শিকল দিয়ে পরিবারের সদস্যদের ভেতরে আটকে রেখে গোয়ালঘর থেকে গরুগুলো নিয়ে পালিয়ে যায়।

সোমবার (১৩ এপ্রিল) রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সুসৃষ্টি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুসৃষ্টি গ্রামের সৌদি প্রবাসী মোহসিন আলীর স্ত্রী বাড়িতে আটটি গরু লালন-পালন করতেন। এর মধ্যে দুই সপ্তাহ আগে তিনটি গরু বিক্রি করা হয়। বাড়িতে একটি ষাঁড় ও চারটি বকনা গরু ছিল। সোমবার রাতে পরিবারের সদস্যরা খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে দেখতে পান, তাদের ঘরের দরজায় বাইরে থেকে শিকল লাগানো। পরে প্রতিবেশীদের সহায়তায় ঘর থেকে বেরিয়ে তারা দেখেন গোয়ালঘর খালি। সেখানে একটি গরুও নেই।

প্রবাসী মোহসিন আলীর মা মনোয়ারা বেগম বলেন, চুরি হওয়া পাঁচটি গরুর বাজারমূল্য প্রায় চার লাখ টাকা। মঙ্গলবার ভোরে আমার বউমা দরজা খুলতে গিয়ে দেখে বাইরে থেকে আটকানো। জানালা দিয়ে ডাকাডাকি করলে প্রতিবেশীরা এসে দরজা খুলে দেয়। বাইরে গিয়ে দেখি গোয়ালঘরে একটি গরুও নেই।

প্রতিবেশী সানোয়ার হোসেন বলেন, এলাকায় মাঝেমধ্যেই গরু চুরির ঘটনা ঘটছে। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এমন ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার গরুগুলো উদ্ধারে তল্লাশি চালাচ্ছে। এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ পেলে আমরাও গরুগুলো উদ্ধারে অভিযান চালাবো।

আরআই/টিএ

মন্তব্য করুন