‘পিকচার আভি বাকি হ্যায়’: শাহরুখের ডায়ালগে ট্রাম্পকে খোঁচা ইরানের!
ছবি: সংগৃহীত
১১:৩৫ এএম | ১৫ এপ্রিল, ২০২৬
হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর নতুন করে দেওয়া অবরোধ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে এক অভিনব পথ বেছে নিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে বলিউডের মহাতারকা শাহরুখ খানের 'ওম শান্তি ওম' সিনেমার সেই জনপ্রিয় সংলাপ, 'আভি তো সির্ফ ট্রেলার হ্যায়, পিকচার আভি বাকি হ্যায়' (এটা তো কেবল ট্রেলার, আসল ছবি এখনো বাকি) ব্যবহার করে ওয়াশিংটনকে পাল্টা বার্তা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনসুলেট জেনারেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) তাদের শক্তিশালী মিসাইল বোটের একটি ভিডিও শেয়ার করে এই পোস্টটি করে। ভিডিওতে ইরানের দ্রুতগামী রণতরীগুলোকে 'পারস্য উপসাগরের লাল মৌমাছি হিসেবে অভিহিত করা হয়েছে।
মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের একটি দাবির প্রেক্ষিতেই ইরানের এই রসিকতাপূর্ণ প্রতিক্রিয়া। ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন, মার্কিন হামলায় ইরানের নৌবাহিনী প্রায় ধ্বংস হয়ে গেছে এবং তাদের ১৫৮টি জাহাজ সমুদ্রের তলদেশে রয়েছে। এর জবাবে ইরানি কনসুলেটের পোস্টে বলা হয়, 'ট্রাম্প বারবার দাবি করছেন ইরানের নৌবাহিনী নাকি শেষ, এখন তারা বুঝতে পারবে একঝাঁক মৌমাছি (মিসাইল বোট) কীভাবে দ্রুত সবকিছু স্থবির করে দিতে পারে।'
পাকিস্তানের ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নৌ-অবরোধের ঘোষণা দেয়। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরান তাদের সামরিক সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি পপ কালচার বা জনপ্রিয় সংস্কৃতি ব্যবহারের মাধ্যমে এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। শুধু শাহরুখের সংলাপই নয়, জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানি দূতাবাসগুলোও 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' এবং বিভিন্ন জনপ্রিয় মিম ব্যবহার করে ট্রাম্প প্রশাসনকে বিদ্রূপ করেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের ময়দানের পাশাপাশি এই ধরনের ডিজিটাল প্রচারণা বা 'মিম যুদ্ধ' বর্তমান ভূ-রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে।
এসএস/টিএ