© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব সিনেটে আবারও ব্যর্থ

শেয়ার করুন:
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব সিনেটে আবারও ব্যর্থ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৭ এএম | ১৬ এপ্রিল, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে আরও হামলা থেকে আটকাতে আনা একটি প্রস্তাব মার্কিন সিনেটে আবারও ব্যর্থ হয়েছে। ভোটে প্রস্তাবটি ৪৭–৫২ ব্যবধানে নাকচ হয়। খবর দ্য ওয়াশিংটন পোস্টের।

বুধবার (১৫ এপ্রিল) ডেমোক্র্যাটদের আনা এই 'ওয়ার পাওয়ার্স রেজল্যুশন'-এর পক্ষে ভোট দেন রিপাবলিকান সিনেটর র‍্যান্ড পল, আর ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান বিপক্ষে ভোট দেন। পশ্চিম ভার্জিনিয়ার রিপাবলিকান সিনেটর জিম জাস্টিস ভোট দেননি।

এটি যুদ্ধ শুরুর পর চতুর্থবারের মতো এ ধরনের প্রস্তাব ব্যর্থ হওয়া। তবে রিপাবলিকান দলের কিছু সদস্য কংগ্রেসের অনুমোদন ছাড়া দীর্ঘমেয়াদি যুদ্ধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, কারণ ১৯৭৩ সালের ওয়ার পাওয়ার্স অ্যাক্ট অনুযায়ী ৬০ দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন ছাড়া সামরিক অভিযান শেষ করতে হয়।

আইন অনুযায়ী প্রেসিডেন্ট চাইলে আরও ৩০ দিনের বাড়তি সময় নিতে পারেন, তবে সেই সময়সীমা মে মাসের শুরুতে শেষ হচ্ছে।

রিপাবলিকান সিনেটর লিসা মুরকোস্কি বলেন, যুদ্ধটি যেহেতু দীর্ঘায়িত হচ্ছে, কংগ্রেসের ভূমিকা আরও স্পষ্ট হওয়া দরকার। অন্যদিকে সিনেট মেজরিটি লিডার জন থুন বলেন, যুদ্ধ শেষ করার জন্য প্রশাসনের একটি পরিষ্কার পরিকল্পনা থাকা উচিত।

কিছু রিপাবলিকান, যেমন জন কার্টিস বলেছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া তিনি সামরিক অভিযান অব্যাহত সমর্থন করবেন না। সিনেটর সুসান কলিন্সও ইঙ্গিত দিয়েছেন, ৬০ দিনের বেশি যুদ্ধ চললে বা স্থলবাহিনী মোতায়েন হলে কংগ্রেসের অনুমোদন জরুরি হবে।

জনমত জরিপেও যুদ্ধের বিরুদ্ধে অসন্তোষ দেখা গেছে— অধিকাংশ আমেরিকানই এ সংঘাতকে সমর্থন করছেন না বলে বিভিন্ন জরিপে উঠে এসেছে।

এদিকে ট্রাম্প প্রশাসন যুদ্ধ কীভাবে শেষ হবে সে বিষয়ে পরিষ্কার পরিকল্পনা না দেওয়ায় কংগ্রেসে নতুন করে বিতর্ক ও চাপ বাড়ছে।

টিজে/টিএ 

মন্তব্য করুন