২ লাল কার্ড নিয়ে লাপোর্তার মন্তব্য
ছবি: সংগৃহীত
০৮:৪৪ এএম | ১৬ এপ্রিল, ২০২৬
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ২-১ ব্যবধানে জিতলেও অগ্রগামিতায় আতলেতিকো মাদ্রিদের কাছে ৩-২ ব্যবধানে হেরেছে বার্সেলোনা। দিয়েগো সিমিওনের দলের বিপক্ষে অনাকাঙ্ক্ষিত হার কিছুতেই মেনে নিতে পারছে না কাতালানরা। ক্লাবের নব নির্বাচিত সভাপতি হুয়ান লাপোর্তা আঙুল তুলেছেন ম্যাচ অফিসিয়ালদের ওপর।
আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের দুই লেগেই ১০ জন নিয়ে ম্যাচ শেষ করতে হয় বার্সেলোনাকে। প্রথম লেগে পাউ কুবার্সি দেখেন লাল কার্ড। দ্বিতীয় লেগে এরিক গার্সিয়া। দুজনই ফাইনাল ফিনিশিংয়ের আগে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করার অপরাধে লাল কার্ড দেখেন।

ক্যাম্প ন্যুতে ২-০ গোলে পিছিয়ে আলিয়াঞ্জ অ্যারেনাতে যায় বার্সেলোনা। দ্বিতীয় লেগে শুরুর চতুর্থ মিনিটে লিড আদায় করেন লামিন ইয়ামাল। এরপর ফেরান তোরেস লিড দ্বিগুণ করেন। কিন্তু আদেমালো লুকমান একটি গোল শোধ করলে সব শেষ হয়ে যায় সফরকারীদের। যদিও বার্সা ঘুরে দাঁড়ানোর চেষ্টা কম করেনি। ১৫টি শট নিয়ে আতলেতিকোর পোস্টে ৮টি শট রাখতে পারে ক্লাবটি।
ফিরতি লেগে হুয়ান মুসোর বুটের আঘাতে ফারমিন লোপেজের রক্তাক্ত হওয়ার ঘটনা কিংবা বার্সেলোনার দ্বিতীয় গোলের পর ফেরান তোরেসের গোল ভিএআরের সাহায্যে অফসাইডে বাতিল হয়ে যাওয়া। পাশাপাশি প্রতিপক্ষের ধাক্কায় দানি ওলমো বক্সে পড়ে যাওয়ার পর বার্সেলোনা পেনাল্টির আবেদন। সব মিলিয়ে রেফারির ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন লাপোর্তা।
বার্সা প্রেসিডেন্ট বলেন,
“রেফারি ও ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) উভয়ের সিদ্ধান্ত ছিল খুবই বাজে। তারা আমাদের সঙ্গে যা করেছে, তা অসহনীয়। প্রথম লেগে তারা আমাদের একটি স্পষ্ট পেনাল্টি দেয়নি এবং আমাদের একজন খেলোয়াড়কে (পাউ কুবার্সি) মাঠ থেকে বের করে দিয়েছিল, যেটায় শুধু হলুদ কার্ড হতে পারত। জুলিয়ানোর (সিমেওনে) বলের ওপর নিয়ন্ত্রণ ছিল না, রেফারি প্রথমে সঠিক বাঁশিই বাজিয়েছিল, কিন্তু ভিএআর তাকে সিদ্ধান্ত পাল্টে লাল কার্ড দেখাতে বাধ্য করে, যা আমাদের জন্য ছিল খুবই বেদনাদায়ক।”
প্রথম লেগের পর ফিরতি লেগেও একই ঘটনা পুনরাবৃত্তি ঘটায় মেজাজটা একটু বেশিই খারাপ লাপোর্তার,
“এটা এমন এক ম্যাচ ছিল যেখানে রেফারির সিদ্ধান্তগুলো আমাদের অনেক ভুগিয়েছিল। দ্বিতীয় লেগেও একই ঘটনা ঘটেছে। তারা আমাদের একজন খেলোয়াড়কে (এরিক গার্সিয়া) মাঠ থেকে বের করে দেয়, অথচ (জুলস) কুন্দে সহজেই বলটা ধরতে পারত, তাই সেখানে এরিক শেষ ডিফেন্ডার ছিল না। রেফারি হলুদ কার্ড দেখিয়েছিলেন, যা সঠিক সিদ্ধান্ত ছিল, কিন্তু ভিএআর তাকে সিদ্ধান্তটি পাল্টে দিতে বাধ্য করে, যা আরেকটি ভুল সিদ্ধান্ত।”
প্রথম লেগের পরই রেফারিং নিয়ে উয়েফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানায় বার্সেলোনা। কিন্তু তাদের সেই অভিযোগকে অগ্রহণযোগ্য উল্লেখ করে খারিজ করে দেয় ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থা। এবার উয়েফার ওই সিদ্ধান্তকেই ‘অগ্রহণযোগ্য’ বললেন লাপোর্তা।
তিনি বলেন, “আমরা একটি অভিযোগ দায়ের করেছিলাম এবং জবাবে উয়েফা জানিয়েছে যে, সেটা অগ্রহণযোগ্য। এখন আমরা জানতে চাইছি, কেন সেই অভিযোগটি অগ্রহণযোগ্য। আমরা আরও একটি অভিযোগ দায়ের করব, কারণ গতকাল আমাদের সঙ্গে আবার যা হয়েছে, তা অগ্রহণযোগ্য। এই সিদ্ধান্তগুলো স্পষ্টতই আমাদের ক্ষতি করেছে।”
আরআই/ এসএন