সংসদে সাউন্ড সিস্টেমে বিভ্রাটের কারণ জানালেন ঠিকাদার জাহিদুর
ছবি: সংগৃহীত
০১:৩৮ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম স্থাপনে দুর্নীতির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের সিইও জাহিদুর রহমান জোয়াদ্দারকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে তলব করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের কাছে তিনি বলেন, গণ-অভ্যুত্থানের সময় সংসদ ভবনের তার লুজ থাকায় টেবিল চাপড়ানোর সময় সাউন্ড সিস্টেমে বিভ্রাট ঘটে।
তিনি জানান, সংস্কার কাজের প্রথম অংশ করেছিল ‘আমানত এন্টারপ্রাইজ’। কিন্তু তাদের কারিগরি অভিজ্ঞতার ঘাটতি থাকায় শেষ পর্যায়ের কাজটুকু তার প্রতিষ্ঠানকে করতে হয়েছে।
এদিন দুদকের সহকারী পরিচালক প্রবীর দাস তাকে দুই ঘণ্টার বেশি সময় ধরে অভিযোগের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।
দুদকের অভিযোগে বলা হয়, ২০১৮ সালে আওয়ামী আমলে স্থাপিত সাউন্ড সিস্টেমে অনিয়ম এবং পরবর্তীকালে অন্তর্বর্তী সরকারের সময় সংস্কার কাজে হওয়া দুর্নীতি খতিয়ে দেখতে গত জানুয়ারিতে অনুসন্ধানে নামে সংস্থাটি। জাহিদুর রহিম জোয়ারদারের ঠিকাদারি প্রতিষ্ঠানটি ওই আওয়ামী লীগ সরকারের আমলের ২০১৮ সালে সংসদে সাউন্ড সিস্টেম স্থাপনে কাজ করেছিল। তার বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগে রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় গত ১২ মার্চ। অধিবেশনের প্রথম দিনই মাইক বিভ্রাট দেখা দেয়। ওইদিন সংসদের অধিবেশন কিছু সময়ের জন্য মুলতবি করা হয়েছিল।
এরপর প্রথম অধিবেশনের অষ্টম দিনে গত ৫ এপ্রিল শুরু থেকেই সাউন্ড সিস্টেমে সমস্যা পরিলক্ষিত হয়। স্পিকার এবং সংসদ সদস্যরা পরস্পরের কথা শুনতে না পাওয়ায় ৫টা ৫৬ মিনিটে স্পিকার ৪০ মিনিটের জন্য সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছিল।
ওই দিন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছিলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বিক্ষুদ্ধ জনতা সংসদের ভেতরে প্রবেশ করে জিনিসপত্র তছনছ করেছিল। সাউন্ড সিস্টেম বিভ্রাটের এটি একটি কারণ।
কেএন/এসএন