কুমিল্লায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ, থানায় মামলা
ছবি: সংগৃহীত
১১:৫০ পিএম | ১৬ এপ্রিল, ২০২৬
কুমিল্লার হোমনায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী(১৮) বাদী হয়ে হোমনা থানায় মামলা করেছেন।
হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বুধবার (১৬ এপ্রিল) রাত পোনে ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বুধবার (১৫ এপ্রিল রাতে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের উত্তরকান্দিগামী রাস্তার নির্জন স্থানে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী ও তার স্বামী হোমনা পৌর এলাকায় ভাড়া বাসায় থাকেন। গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে তারা একটি অটোরিকশাযোগে তিতাস উপজেলায় বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
পথে কৃষি কলেজ এলাকা অতিক্রম করার পর ওপারচর গ্রামের আশিকুর রহমান (২৪) ও তার ৬-৭ জন সহযোগী দুটি মোটরসাইকেল নিয়ে তাদের পথরোধ করে। অভিযুক্তরা দম্পতিসহ অটোরিকশাটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে মোড় থেকে পশ্চিমে একটি নির্জন ইটের রাস্তার দিকে যায়। সেখানে আশিকুর রহমান ও তার দুই সহযোগী ওই নারীকে আটকে রাখে।
অপরদিকে, বাকিরা তার স্বামী ও অটোচালককে দূরে সরিয়ে নিয়ে যায়। এই সুযোগে আশিকুর রহমান ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পরে অভিযুক্তরা দম্পতিকে ছেড়ে দিলে তারা হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও হোমনা থানার উপপরিদর্শক (এসআই) আনিস উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে ভোর রাত থেকেই আমরা ‘জড়িত আসামিদের শনাক্ত ও আটকের চেষ্টা করছি। হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মো. শহিদ উল্লাহ জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে এক নারী ও তাঁর স্বামী হাসপাতালে এসেছিলেন। পরে তারা পুলিশের সহায়তা নেন। ওই নারীকে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
ওসি টমাস বড়ুয়া বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করেছি। ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
আসামি গ্রেফতারের বিষয়ে তিনি ওসি আরও বলেন, ‘প্রধান অভিযুক্ত আশিকুর রহমানসহ অন্যদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি, দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।’
আইকে/টিএ