হাতিয়ায় ৩ হাজার লিটার ডিজেলসহ মুদি দোকানদার আটক
ছবি: সংগৃহীত
০২:৩১ এএম | ১৭ এপ্রিল, ২০২৬
নোয়াখালীর হাতিয়া উপজেলায় একটি মুদি দোকান থেকে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে মো. আলাউদ্দিন (৪৬) নামের এক মুদি দোকানদারকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের নলেরচর আজিমের ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মো. আলাউদ্দিন উপজেলার চানন্দী ইউনিয়নের আজিমনগর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নলেরচর আজিমের ঘাট এলাকার মুদি দোকানদার আলাউদ্দিন দীর্ঘদিন ধরে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ডিজেল মজুত করে আসছিলেন।
বর্তমানে তেলের বাজার অস্থির থাকায় তিনি এই সুযোগ কাজে লাগিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে সাধারণ মানুষের কাছে ডিজেল বিক্রি করতেন। এতে স্থানীয় গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েন।
জেলা এনএসআই-এর সংগৃহীত তথ্যের ভিত্তিতে থানারহাট পুলিশ ফাঁড়ির একটি দল সেখানে বিশেষ অভিযান চালায় এবং প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত ডিজেল বর্তমানে থানারহাট পুলিশ ফাঁড়িতে জমা রাখা হয়েছে। এ ঘটনায় আটক মুদি দোকানদারের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
টিজে/টিএ