মুন্সীগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল তিন জনের
ছবি: সংগৃহীত
০৫:৩৭ এএম | ১৭ এপ্রিল, ২০২৬
মুন্সীগঞ্জে বজ্রপাতে আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে সিরাজদিখান উপজেলার জৈনসারের পশ্চিমপাড়ায় নিহত হন আইসক্রিম বিক্রেতা বৃদ্ধ আব্দুল আজিজ মৃধা (৬৫)। এর আগে দুপুরে টঙ্গীবাড়ি উপজেলার ফজুশাহ শোলাকান্দা বিল এবং দিঘিরপাড় নিহত হন দুই যুবক। এই নিয়ে একদিনেই বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের।
দুপুরে বজ্রপাতে প্রাণ যায় টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়ালের বিসাউল্লাহ গ্রামের মনির ঢালীর ছেলে রিজান ঢালী (১৮) এবং দিঘিরপাড় ইউনিয়নের হাইয়ারপাড়া গ্রামের জসিম খানের ছেলে আরাফাত খা (২২)।
এদিকে বজ্রপাতেনিহত দুই যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তাদের পরিবারের পাশে দাঁড়াতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে ইউএনও নিহতদের বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গভীর সমবেদনা জানান। এ সময় তিনি পরিবারের খোঁজ খবর নেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ হতে তাৎক্ষণিক ২৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। আমরা নিহতের ঘটনা শোনার পরে নিহতদের পরিবারের সাথে দেখা করতে আসি, তাদেরকে শ্বান্তনা দেওয়া ছাড়া আমাদের ভাষা নেই। আমরা প্রাথমিকভাবে তাদেরকে ২৫ হাজার টাকা অনুদান দিয়েছি, পরবর্তিতেও আমরা তাদের সহযোগিতা করার চেষ্টা করবো। নিহতের লাশ যেন কেউ কবর থেকে উত্তোলন করতে না পারে সে ব্যাপারে ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে পাহারা দেওয়ার জন্য নির্দোষ দিয়েছি।’
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তারা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা বজ্রপাতের ঝুঁকি থেকে বাঁচতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
একই দিনের বিকেলে সিরাজদিখান উপজেলায় জৈনসার ইউনিয়নের পশ্চিমপাড়ায় বজ্রপাতে আব্দুল আজিজ মৃধা (৬৫) নামে এক আইসক্রিম বিক্রেতার মৃত্যু হয়েছে। নিহত আব্দুল আজিজ মৃধা উপজেলার কাঁঠালতলী গ্রামের মৃত আমিনুদ্দিন মৃধার ছেলে।
প্রতিদিনের মতো আইসক্রিম বিক্রি শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে তিনি রাস্তার পাশের একটি গাছের নিচে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতের শিকার হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামসেদ ফরিদী জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল।
টিজে/টিএ