মিরপুরে আজ টাইগারদের মুখোমুখি হবে কিউইরা
ছবি: সংগৃহীত
০৯:০৬ এএম | ১৭ এপ্রিল, ২০২৬
শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। আজ শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়। সবশেষ দুই সিরিজে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর, সেই ধারাবাহিকতা নিউজিল্যান্ডের বিপক্ষেও ধরে রাখতে চান টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
ঘরের মাঠের কন্ডিশন আর সবশেষ সিরিজের ছন্দ এই দুই মানদণ্ডে ব্ল্যাকক্যাপদের বিপক্ষে সিরিজে বাংলাদেশকে এগিয়ে রাখা যেতেই পারে। তবে আইসিসি র্যাঙ্কিংয়ের দিকে তাকালে নিউজিল্যান্ড ২ নম্বরে অবস্থান করছে। ৯ নম্বরে থাকা বাংলাদেশের জন্য লড়াইটা তাই সহজ হবে না।

ওয়ানডে ফরম্যাটে নিজেদের জীর্ণ ফর্মটা দারুণভাবে কাটিয়ে উঠেছে মিরাজ বাহিনী। বিশেষ করে পেসারদের ফর্ম আর রিশাদ হোসেনের লেগ স্পিন কিউইদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হতে পারে ।
অধিনায়ক মিরাজ বলেন, পাকিস্তান সিরিজের মতো স্পোর্টিং উইকেটেই খেলতে চায় দল। দিনের ম্যাচ হওয়ায় কন্ডিশন ও গরমের সাথে দ্রুত মানিয়ে নেওয়াটাই হবে আসল চ্যালেঞ্জ। সবশেষ পাকিস্তান সিরিজের একাদশে খুব একটা বদল আনার সম্ভাবনা কম। ভারসাম্যপূর্ণ পেস ও স্পিন অ্যাটাক নিয়ে নিউজিল্যান্ডকে শুরুতেই চেপে ধরতে চায় স্বাগতিকরা। আজকের লড়াইটা তাই মূলত কিউইদের র্যাঙ্কিং আভিজাত্য বনাম বাংলাদেশের সাম্প্রতিক জয়ের ছন্দের।
এসএস/এসএন