চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ১৬ জেলে আটক, ৯ জনের কারাদণ্ড
ছবি: সংগৃহীত
০৯:১৪ এএম | ১৭ এপ্রিল, ২০২৬
চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ১৬ জেলেকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ৯ জেলেকে কারাদণ্ড ও বাকি সাতজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।
চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে এসব তথ্য জানান। এদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী।
কারাদণ্ডপ্রাপ্ত জেলের হলেন-বিল্লাল হোসেন (৩৫), জলিল (১৮), ইয়াছিন (৩৬), হেকমত আলী (২৫), রহমত উল্লাহ (৩০), আবুল বাশার গাজী (৪৫), মো. জাহিদ (১৮), মো. ছলেমান গাজী (১৮), রবিউল (১৮)। এদের বাড়ি শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায়।
মিজানুর রহমান বলেন, দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা টাস্কফোর্সের অভিযানে ১৬ জন অসাধু জেলেকে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অপরাধে আটক করা হয়। এ সময় ৪টি ইঞ্জিনচালিত কাঠের নৌকো, একটি বেহুন্দী জাল ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ এবং পুড়িয়ে বিনষ্ট করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বী বলেন, মোবাইল কোর্টে ২ জনকে ৩ মাসের জেল ও ৫০০ টাকা করে জরিমানা, ৩ জনকে ১ মাসের জেল ও ৫০০ টাকা জরিমানা, ৩ জনকে ১৫ দিনের জেল ও ২০০ টাকা করে জরিমানা এবং ১ জনকে ১৫ দিনের জেল ও ৫০০ টাকা জরিমানা প্রদান করেন।
কেএন/এসএন