ফ্যাক্টচেকবিএনপি সরকারের উদ্দেশে হাসনাতের মন্তব্যের দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভু'য়া
ছবি: সংগৃহীত
০৩:৪৪ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছে, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বিএনপি সরকারের উদ্দেশ্যে বলেছেন, “ওরা আগেই ভালো ছিল। মা ছিল জেলে, ছেলে ছিল লন্ডনে আর নেতা কর্মীরা ছিল ধান খেতে। আজকে মুক্তি পেয়ে ওরা সংবিধান চিনেছে।”
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়- বিএনপি সরকারকে নিয়ে এমন কোনো মন্তব্য করেননি হাসনাত আবদুল্লাহ। প্রকৃতপক্ষে, কোনো তথ্যসূত্র ছাড়াই আলোচিত ভুয়া ফটোকার্ডটি প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে কিওয়ার্ড সার্চ করে হাসনাত আবদুল্লাহর এ সংক্রান্ত কোনো বক্তব্য বা বিবৃতি গণমাধ্যম সূত্র বা তার ফেসবুক প্রোফাইলে পাওয়া যায়নি।
ভাইরাল ফটোকার্ডটির সূত্রপাত অনুসন্ধান করতে গিয়ে ‘দৈনিক আমাদের খবর’ নামের একটি ফেসবুক পেজে গত ৯ এপ্রিল একই ফটোকার্ড পোস্ট হতে দেখা যায়। পোস্টে এই মন্তব্যের কোনো সূত্র উল্লেখ পাওয়া যায়নি। ইতোমধ্যেই রিউমর স্ক্যানারের দীর্ঘদিনের পর্যবেক্ষণে পেজটি নিয়মিত ভুয়া এবং অপতথ্য প্রচার করে আসছে বলে প্রমাণিত হয়েছে।
পরবর্তী অনুসন্ধানে কোনো নাম ব্যতীতই অন্তত ২ এপ্রিল থেকে এই বাক্যগুলো নেটিজেনদের পোস্ট করতে দেখা যায়, যা পরবর্তীতে হাসনাত আবদুল্লাহর মন্তব্য দাবিতে ছড়িয়েছে।
হাসনাত আবদুল্লাহ রিউমর স্ক্যানারকে জানিয়েছেন, তিনি এমন কোনো বক্তব্য কোথাও দেননি। সুতরাং, বিএনপি সরকারের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহর মন্তব্য দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
ইউটি/টিএ