© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যে ভিসি বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং বাড়াতে পারবে, সেই ভিসি থাকবে: শিক্ষামন্ত্রী

শেয়ার করুন:
যে ভিসি বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং বাড়াতে পারবে, সেই ভিসি থাকবে: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০০ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয়ের স্টাডার্ডাইজেশন হয় র‌্যাঙ্কিংয়ের উপর। এই র‌্যাঙ্কিং যে বিশ্ববিদ্যালয়ের ভিসি বাড়াতে পারবে, সেই ভিসিই থাকবে। আমি ভিসি বা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দেখি কিভাবে তারা শিক্ষার উন্নয়ন করে এবং এগুলোর খতিয়ান আমি তৈরি করছি, আমি আমার মন্ত্রণালয়ে একটি সেল গঠন করেছি কিভাবে তারা কাজ করছে তা দেখার জন্য।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নবীন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মোঃ এনামউল্ল্যা'র সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক হাসান ও উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোঃ মহিদুল হাসান'র উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এমপি, দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী, রংপুর-১ আসনের এমপি মো. রায়হান সিরাজী ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল।

আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান ও প্রক্টর অধ্যাপক ড. মো. নওশের ওয়ান।

শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, তোমরা শিক্ষার্থীরা ও তোমাদের শিক্ষকরা আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। বর্তমান বিশ্বায়নের এই যুগে টিকে থাকতে হলে তোমাদেরকে যোগ্য ও দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। অনেকই বলে আমাদের দেশের জনসংখ্যা বেশি কিন্তু আমি মনে করি দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে পারলে এই জনসংখ্যা কোনো সমস্যা নয়। বরং এই জনসংখ্যা জনসম্পদে পরিণত হবে ৷

তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়তে হলে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। বাইরের দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে ধারণা নিয়ে আমাদের শিক্ষাব্যবস্থাকেও সেভাবেই সাজাতে হবে। এখন আর শুধু শিক্ষকরা ক্লাসে গিয়ে যা বলবে শিক্ষার্থীরা তাই মেনে চলবে সেই সময় আর নেই। এখন শিক্ষার্থীরা বাইরের শিক্ষাব্যবস্থা সম্পর্কে অবগত ৷

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের জন্য কেউ বাজেট চায় না। সবাই শুধু বাজেট চায় বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়নের জন্য। শুধু ভৌত অবকাঠামো উন্নয়নের দিকে নজর না দিয়ে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম বৃদ্ধি করতে হবে। আর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন হবে ফলাফলের ভিত্তিতে, যে বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক অঙ্গনে যত বেশি এগিয়ে যাবে সেই অনুপাতে উন্নয়ন বরাদ্দ পাবে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধার গুরুত্ব দিতে হবে এবং নিয়োগে কোনো ধরনের স্বজনপ্রীতি বা দুর্নীতি চলবে না। বিগত সময়ে শিক্ষক নিয়োগে এমন কিছু হয়েছে কি না সেটাও খতিয়ে দেখছি আমরা। শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে দক্ষ শিক্ষকও দরকার।

এমআই/এসএন  

মন্তব্য করুন