© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এক বছরে সমুদ্রপথে রেকর্ড সংখ্যক রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু: ইউএনএইচসিআর

শেয়ার করুন:
এক বছরে সমুদ্রপথে রেকর্ড সংখ্যক রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু: ইউএনএইচসিআর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২০ পিএম | ১৭ এপ্রিল, ২০২৬
২০২৫ সালে আন্দামান সাগর ও বঙ্গোপসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ৯০০ রোহিঙ্গা শরণার্থী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। যা এই পথে বছরে এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)। খবর রয়টার্সের।

সংস্থাটির মুখপাত্র বাবর বালোচ জানান, গত বছর প্রায় ৬ হাজার ৫০০ রোহিঙ্গা সমুদ্রপথে পালানোর চেষ্টা করেন। কিন্তু তাদের মধ্যে প্রতি সাতজনের একজনেরও বেশি মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। বিশ্বজুড়ে শরণার্থী ও অভিবাসীদের এমন ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রার মধ্যে এটিই সর্বোচ্চ মৃত্যুহার।

চলতি বছরেও এই ঝুঁকিপূর্ণ যাত্রা থামেনি। ১৩ এপ্রিল পর্যন্ত ২ হাজার ৮০০ এর বেশি রোহিঙ্গা একই পথে যাত্রা করেছেন, যাদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু।

বাবর বালোচ আরও বলেন, বেঁচে থাকার সম্ভাবনা এত কম জেনেও কেউ পরিবার নিয়ে এমন ঝুঁকি নিত না, যদি না তাদের মধ্যে চরম হতাশা কাজ করত।

মূলত, মিয়ানমারের সংঘাত, সহিংসতা এবং বাংলাদেশে শরণার্থী শিবিরগুলোর কঠিন জীবনযাপন- এই দুই চাপ মিলেই অনেক রোহিঙ্গাকে এমন বিপজ্জনক সমুদ্রপথ বেছে নিতে বাধ্য করছে। তারা মূলত মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বা থাইল্যান্ডে পৌঁছানোর চেষ্টা করে।

সম্প্রতি টেকনাফ থেকে ছেড়ে যাওয়া একটি নৌকা আন্দামান সাগরে ডুবে গেলে প্রায় ২৫০ জন নিখোঁজ হওয়ার ঘটনাও জানিয়েছে জাতিসংঘ।

ইউএনএইচসিআর বলছে, বৈশ্বিক তহবিল সংকটের কারণে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমে যাচ্ছে, যা তাদের মধ্যে হতাশা আরও বাড়িয়ে দিচ্ছে।

সংস্থাটি আরও জানায়, কক্সবাজারের ক্যাম্প ও ভাসানচরে বসবাসরত রোহিঙ্গাদের সহায়তায় ২০২৬ সালে ২০০ মিলিয়ন ডলার প্রয়োজন হলেও এখন পর্যন্ত মাত্র ৩২ শতাংশ অর্থ সংগ্রহ হয়েছে।

এমআই/টিএ

মন্তব্য করুন