© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হাফ-সেঞ্চুরিতে ৯৫ বছরের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন

শেয়ার করুন:
হাফ-সেঞ্চুরিতে ৯৫ বছরের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০২ এএম | ১৮ এপ্রিল, ২০২৬
বায়ার্ন মিউনিখের আক্রমণভাগে মাইকেল ওলিসে, নিকোলাস জ্যাকসন ও লুইস দিয়াসের মতো উদীয়মান তারকার উপস্থিতি। তারপরও ভিনসেন্ট কোম্পানির মনে ভয় ধরিয়েছিল হ্যারি কেইনের চোট। ইংলিশ ফরোয়ার্ড নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচ নিয়ে। অবশ্য সব শঙ্কা দূর করে দুই লেগে শুরুর একাদশে ছিলেন কেইন এবং দেখা পান জালের।

ইউরোপ সেরা ইউসিএলে দ্বিতীয় সর্বোচ্চ গোল হ্যারি কেইনের। ১১ ম্যাচে ১২ গোল ইংলিশ অ্যাটাকারের। শীর্ষে থাকা কিলিয়ান এমবাপে সমান ম্যাচ খেলে তিনি গোল করেছেন ১৫টি। বায়ার্ন ফাইনালে উঠুক বা না উঠুক। অন্তত আরও দুটি ম্যাচ খেলতে পারবেন কেইন। সে হিসেবে রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ডকে ছাড়িয়ে যাওয়ার একটা মোক্ষম সুযোগ থাকছে তার হাতে।



চ্যাম্পিয়নস লিগে এমবাপেকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ না পেলেও এমন একটি কাজ কেইন করেছেন, যা ভেঙেছে ফুটবল ইতিহাসে ৯৫ বছরের আদি রেকর্ড। মূলত, ১৯৩১ সালের পর প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে শীর্ষ স্তরের কোনো ক্লাবের হয়ে এক মৌসুমে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন কেইন। তিনি এমন এক গতিতে এই গোলগুলো করেছেন, যা ক্রিস্তিয়ানো রোনালদোও তাঁর পুরো ক্যারিয়ারে মাত্র একবারই করে দেখাতে পেরেছিলেন।

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বাভারিয়ানদের নাটকীয় ৪–৩ ব্যবধানের জয়ের ম্যাচে কেইন ৫০ গোলের দেখা পান। বুন্দেসলিগা, ডিএফবি পকাল, ডিএফএল সুপার কাপ এবং ইউরোপের শীর্ষ প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ৪২ ম্যাচ খেলেই তিনি এই ‘হাফ-সেঞ্চুরি’ পূর্ণ করেন।

ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা ওয়েন রুনি দুইবার সর্বোচ্চ ৩৪টি করে গোল করতে পেরেছিলেন। এটিই প্রমাণ করে যে, বড় কোনো লিগে খেলে এক মৌসুমে ৫০ গোল করা কতটা কঠিন সাধ্য।

ফুটবল ইতিহাসে এক মৌসুমে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করা ইংলিশ খেলোয়াড়দের সংখ্যা অতি নগণ্য। তালিকার শীর্ষে রয়েছেন এভারটনের কিংবদন্তি ডিক্সি ডিন, যিনি ১৯২৭-২৮ মৌসুমে অবিশ্বাস্যভাবে ৬৩টি গোল করেছিলেন। এরপর ১৯২৯-৩০ মৌসুমে ওয়েস্ট হ্যামের ভিক ওয়াটসন এবং ১৯৩০-৩১ মৌসুমে অ্যাস্টন ভিলার টম ওয়ারিং ঠিক ৫০টি করে গোল করে এই অভিজাত ক্লাবে নাম লিখেয়েছেন। দীর্ঘ ৯৫ বছর পর এই তালিকায় চতুর্থ খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন কেইন।

এমআর/টিএ  

মন্তব্য করুন