© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্থানীয়দের হামলায় চবির চার শিক্ষার্থী আহত, প্রতিবাদে চাকসুর বিক্ষোভ

শেয়ার করুন:
স্থানীয়দের হামলায় চবির চার শিক্ষার্থী আহত, প্রতিবাদে চাকসুর বিক্ষোভ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪২ এএম | ১৮ এপ্রিল, ২০২৬
স্থানীয়দের মারধরে সময় টিভির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রতিনিধি জাহিন সরকার আবিরসহ চার শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় বিক্ষোভ করেছে কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নেতৃবৃন্দ।

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।

বিক্ষোভ শেষে চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভুঁঞা বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিয়মিত স্থানীয়দের মারধর ও হামলার শিকার হচ্ছেন। সম্প্রতি পহেলা বৈশাখের দিনও স্থানীয় এক সিএনজি চালক এক শিক্ষার্থীকে মারধর করেছে। এর আগে গত বছরের ৩০ ও ৩১ আগস্ট স্থানীয়দের হামলায় প্রায় চারশো শিক্ষার্থী আহত হয়। এগুলো চলছে আর বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বিকার রয়েছে।”

তিনি বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ে পুলিশ ফাঁড়ি রয়েছে কিন্তু সেখানে কোন পুলিশ থাকে না। আমরা ৫ আগস্টের আগে দেখতাম ছাত্রলীগের অন্তঃকোন্দল ঠেকাতে শত-শত পুলিশ ক্যাম্পাসে রাখা হত। কিন্তু এখন নিরাপত্তার দেওয়ার মত পুলিশ নেই। আমরা আমাদের ভাইদের ওপর হামলায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।”

চাকসুর সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেস মাতব্বার বলেন, “বাবা-মা আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য পাঠিয়েছেন। কিন্তু আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরও দেখছি নানা ইস্যুতে আমাদেরকে রাজপথে নামতে হচ্ছে। আমরা বারবার রাজপথে নামার জন্য ক্যাম্পাসে আসি নাই। আর কত রক্ত দেওয়ার পর আমরা নিরাপদ ক্যাম্পাস পাব? আমরা এসব হামলা-মারধরের ঘটনার পুনরাবৃত্তি চাই না।”

উল্লেখ্য, শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং সংলগ্ন এলাকায় স্থানীয় দুজনের মারধরের শিকার হয় চার শিক্ষার্থী। তার হলেন, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আলীমুল শামীম, চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব হোসেন ফরহাদ, তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও সময় টিভির প্রতিনিধি জাহিন সরকার আবির এবং আশিকুর ইসলাম।


আইকে/টিএ

মন্তব্য করুন