‘কোনোভাবেই সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করবে না ইরান’
ছবি: সংগৃহীত
০৭:৩১ এএম | ১৮ এপ্রিল, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রকে দিয়ে দিতে রাজি হয়েছে। কিন্তু ইরান সেই দাবি সরাসরি অস্বীকার করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, এই সম্ভাবনা আদৌ বিবেচনা করা হচ্ছে না। তিনি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেন, ‘আমাকে স্পষ্ট করতে হবে যে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোনোভাবেই কোথাও হস্তান্তর করা হবে না। ইরানি ভূমি যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ ও পবিত্র, এই বিষয়টিও আমাদের কাছে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ।’
বাগাই আরও জানান, ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়টি তেহরান ‘কখনো বিবেচনাই করেনি’। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার বিষয়ে আলোচনার যে খবর বেরিয়েছে, সেটির সমালোচনা করলেও তিনি সরাসরি এই সম্ভাবনা নাকচ করেননি।
এর আগে ট্রাম্প বলেছিলেন ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে এবং সেটি যুক্তরাষ্ট্রে রপ্তানি করা যাবে। এদিকে অ্যাক্সিওসের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুতের বিনিময়ে ২ হাজার কোটি ডলারের একটি চুক্তির কথাও ভাবছে।
দুই পক্ষের মধ্যে আলোচনা এখনো চলছে। যুদ্ধ শেষ করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা অব্যাহত রয়েছে।
কেএন/টিএ