হঠাৎ ধারাবাহিক বন্ধে বিপাকে সোমাশ্রী
ছবি: সংগৃহীত
০৮:৪৯ এএম | ১৮ এপ্রিল, ২০২৬
রাহুলের মৃত্যুর পর ন্যায় বিচারের দাবিতে সরব টলিউড। শ্যুটিং চলাকালীন এমন মর্মান্তিক ঘটনার তদন্ত চেয়ে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে একাধিক জায়গায়। আর এই ঘটনার পরই বন্ধ হয়ে যায় ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিক।
হঠাৎ করে ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন এর সঙ্গে যুক্ত শিল্পী ও টেকনিশিয়ানরা। তাঁদেরই একজন অভিনেত্রী সোমাশ্রী চাকি, যিনি এই ধারাবাহিকে রাহুলের জেঠিমার চরিত্রে অভিনয় করতেন। ব্যক্তিগত জীবনেও কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। কিছুদিন আগেই স্বামীকে হারিয়েছেন, চিকিৎসার খরচে প্রায় সব সঞ্চয় শেষ।

এর মধ্যেই সামনে মেয়ের বিয়ে। কিন্তু এখন হাতে কাজ নেই বললেই চলে। সোমাশ্রী জানিয়েছেন, “ডিসেম্বরে মেয়ের বিয়ে, কী করব বুঝতে পারছি না। এই ধারাবাহিকটাই ছিল একমাত্র কাজ। এখন নতুন কাজের কথা চলছে, কিন্তু তাতে সময় লাগছে।”
পরিস্থিতি আরও কঠিন কারণ তাঁর মেয়েও বর্তমানে কর্মহীন। ফলে সংসার চালানোই যেখানে কঠিন হয়ে উঠেছে, সেখানে বিয়ের খরচ জোগাড় করা যেন আরও বড় চিন্তা।
তবে এত সমস্যার মাঝেও একটাই দাবি-রাহুলের মৃত্যুর সঠিক তদন্ত ও বিচার হোক।
উল্লেখ্য, এই ঘটনার জেরে শুধু ‘ভোলে বাবা পার কারেগা’ নয়, আরও কিছু ধারাবাহিকের শ্যুটিং বন্ধ হয়েছে। যদিও কিছু ক্ষেত্রে নতুনভাবে কাজ শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
সব মিলিয়ে, এক মর্মান্তিক ঘটনার প্রভাব পড়েছে বহু মানুষের জীবনে-আর সেই ধাক্কা সামলে ওঠার লড়াই এখনও জারি।
এসএ/টিএ