আবারও আদালতে অভিনেতা অ্যালেক বল্ডউইন
ছবি: সংগৃহীত
১১:০৭ এএম | ১৮ এপ্রিল, ২০২৬
২০২১ সালে ‘রাস্ট’ ছবির শুটিং সেটে ঘটে যাওয়া প্রাণঘাতী গুলির ঘটনায় অভিনেতা অ্যালেক বল্ডউইনের বিপদ কাটছেই না। এবার এক দেওয়ানি মামলায় তাকে বিচারের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছেন লস অ্যাঞ্জেলেসের একটি আদালত। শুক্রবার (১৭ এপ্রিল) আদালতের বিচারক এই রায় প্রদান করেন।
ছবিটির সেটের গ্যাফার (আলো সংক্রান্ত কাজের মিস্ত্রি) সার্জ স্বেতনয় এই মামলাটি দায়ের করেছিলেন।
তার দাবি, বল্ডউইনের অসাবধানতার কারণে তিনি মারাত্মক মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন। উল্লেখ্য, ২০২১ সালের ২১ অক্টোবর অনুশীলনের সময় বল্ডউইনের হাতের রিভলভার থেকে আসল গুলি বেরিয়ে সিনেমাটোগ্রাফার হ্যালিনা হাচিন্স নিহত হন। স্বেতনয়ের অভিযোগ, সেই গুলিটি অল্পের জন্য তাকে লাগেনি, যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে। লস অ্যাঞ্জেলেস সুপিরিয়র কোর্টের বিচারক মরিস লাইটার তার রায়ে জানান, একজন অভিনেতার সেটে আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত ছিল।

বল্ডউইনের আইনজীবীরা দায়মুক্তির আবেদন করলেও বিচারক তা নাকচ করে দেন। বিচারক লিখেছেন, বল্ডউইন যেভাবে ট্রিগারে আঙুল রেখে বন্দুক তাক করেছিলেন, তা অন্যের মানসিক কষ্টের কারণ হতে পারে- এমনটা ধরে নেওয়ার যৌক্তিক কারণ রয়েছে।
বল্ডউইন শুরু থেকেই দাবি করে আসছেন যে তিনি ট্রিগার চাপেননি। ২০২৪ সালে তার বিরুদ্ধে আনা অনিচ্ছাকৃত নরহত্যার ফৌজদারি মামলাটি আদালত খারিজ করে দিয়েছিল।
প্রসিকিউশন পক্ষ থেকে তথ্য গোপনের অভিযোগে সেই যাত্রায় তিনি রেহাই পেলেও, এই নতুন দেওয়ানি মামলাটি তার জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। অন্যদিকে, ছবির অস্ত্রাগার কর্মী হান্না গুতিয়ারেজকে ইতিমধ্যে ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল, যা ভোগ করে তিনি মুক্তি পেয়েছেন।
যদিও সিনেমাটোগ্রাফার হাচিন্সের পরিবারের সাথে করা মামলাগুলো আগেই আদালতের বাইরে নিষ্পত্তি হয়ে গিয়েছিল, তবে স্বেতনয়ের এই মামলাটি এখন পূর্ণাঙ্গ বিচারের দিকে এগোবে। বল্ডউইনের আইনজীবীদের পক্ষ থেকে এই রায়ের বিষয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র : এবিসি নিউজ
এসএ/টিএ