বিএনপি নেতাকর্মীদের তাণ্ডব স্বৈরাচারের পথে হাঁটার লক্ষণ: সারজিস আলম
ছবি: সংগৃহীত
১১:০৯ এএম | ১৮ এপ্রিল, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম পঞ্চগড়ে জেলা জাগপা কার্যালয়ে বিএনপির নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই হামলাকে অসহিষ্ণুতা এবং স্বৈরাচারের পথে হাঁটার লক্ষণ বলে অভিহিত করেন।
সারজিস আলম তার স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘আজ পঞ্চগড় জেলা বিএনপির নেতা-কর্মীরা পঞ্চগড় জেলা জাগপার অফিসে হামলা করেছে, ভিতরে ঢুকে ভাঙচুর আর তান্ডব চালিয়েছে! রাজনীতিতে কথার বিপরীতে কথা হবে, পলিটিক্যাল বক্তব্য হবে, বিক্ষোভ হবে, মিছিল হবে। কথার মধ্যে ভুল হলে সংশোধন হবে।
কিন্তু যারা ক্ষমতায় আসতে না আসতেই দুই মাসের মধ্যে নিজেদেরকে সর্বেস্বর্বা ভাবা শুরু করেছেন, তারা যেন মনে রাখেন- অতীতে তারাও একই অবস্থার মধ্য দিয়ে গিয়েছেন এবং যারা তাদের সাথে এই জুলুম করেছে তাদের পতন হয়েছে।’
তিনি আরও অভিযোগ করেন, ‘যেটা নিয়ে রাশেদ প্রধান পরবর্তীতে দুঃখ প্রকাশ করেছেন সেটাকে ইস্যু করে ভেতরে ভেতরে নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়ে পরিবারের আবাসস্থলে গিয়ে পরিকল্পিতভাবে জুতা নিক্ষেপ করা, পার্টি অফিসে তান্ডব চালানো অসহিষ্ণুতার লক্ষণ, স্বৈরাচারের পথে হাঁটার লক্ষণ। এমন আচরণের জন্য ধিক্কার জানিয়ে রাখলাম।’
কেএন/টিএ