© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘পবিত্র হাত-খ্যাত’ বাস্কেটবল তারকা অস্কার আর নেই

শেয়ার করুন:
‘পবিত্র হাত-খ্যাত’ বাস্কেটবল তারকা অস্কার আর নেই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪২ পিএম | ১৮ এপ্রিল, ২০২৬
বিশ্ব বাস্কেটবলে যেন এক যুগের অবসান ঘটল। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ব্রাজিলের কিংবদন্তি বাস্কেটবল তারকা অস্কার শ্মিট। পরিবার ও ব্রাজিল বাস্কেটবল ফেডারেশন তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
 
নাটাল শহরে জন্ম নেওয়া এই লম্বাকৃতির ফরোয়ার্ডকে ভক্তরা ডাকতেন ‘হলি হ্যান্ড’ (পবিত্র হাত)। ২৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারের এমন এক স্কোরিং মেশিন হয়ে উঠেছিলেন, যার নাম বিশ্ববাস্কেটবলের ইতিহাসে অনন্য উচ্চতায় লেখা রয়েছে। আন্তর্জাতিক বাস্কেটবল সংস্থার প্রতিযোগিতায় তাঁর মোট পয়েন্ট ৪৯ হাজার ৭০৩-যা এখনো সর্বোচ্চ।


 
অস্কারের অর্জনের তালিকাও বেশ লম্বা। অলিম্পিক গেমসে করেছেন মোট ১০৯৩ পয়েন্ট, যা এখনো রেকর্ড। টানা পাঁচটি অলিম্পিকে অংশ নিয়েছেন-মস্কো, লস অ্যাঞ্জেলেস, সিউল, বার্সেলোনা ও আটলান্টা। ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে স্পেনের বিপক্ষে এক ম্যাচেই ৫৫ পয়েন্ট করে গড়েছিলেন একক ম্যাচে সর্বোচ্চ স্কোরের ইতিহাস।
 
ব্রাজিল জাতীয় দলের হয়ে অস্কার খেলেছেন চারটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে। জাতীয় দলের জার্সিতে ৩২৬ ম্যাচে তাঁর পয়েন্ট সংখ্যা ৭ হাজার ৬৯৩। ১৯৭৮ সালে ফিলিপাইনে জিতেছিলেন ব্রোঞ্জ। তবে সবচেয়ে স্মরণীয় অর্জন ১৯৮৭ সালের প্যান আমেরিকান গেমসের স্বর্ণপদক, যেখানে যুক্তরাষ্ট্রকে হারিয়ে ইতিহাস গড়ে ব্রাজিল।
 
ক্লাব ক্যারিয়ারে বেশিরভাগ সময়ই নিজ দেশে খেললেও ইউরোপেও অস্কারের পদচারণা ছিল। ইতালির জুভেকাসার্তা ও পাভিয়া এবং স্পেনের ফোরাম দে ভায়াদোলিদ ক্লাবে খেলেছেন তিনি।
 
অনেকবার ন্যাশনাল বাস্কেটবল লিগে খেলার সুযোগ পেলেও অস্কার যাননি। কারণ তখন নিয়ম অনুযায়ী জাতীয় দলের হয়ে খেলার সুযোগ হারাতে হতো। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, দেশের প্রতিনিধিত্ব করাই তাঁর কাছে সবচেয়ে বড় গৌরব।
 
অস্কারের মৃত্যুতে শোক জানিয়েছে ব্রাজিলের বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠন। ফ্লামেঙ্গো, পালমেইরাস ও ভাস্কো দা গামা। ক্রীড়াঙ্গনে তাঁর প্রভাব শুধু ব্রাজিলেই সীমাবদ্ধ ছিল না। বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্টসহ অনেকেই তাঁকে আদর্শ মানতেন।
 
খেলা ছাড়ার পরও অস্কার থেমে যাননি। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন, অনুপ্রেরণামূলক বক্তৃতা দিয়েছেন হাজারেরও বেশি অনুষ্ঠানে। অস্কার শ্মিড্টের বিদায়ে বাস্কেটবল বিশ্ব হারাল এমন এক খেলোয়াড়কে, যিনি শুধু পয়েন্টের হিসাবেই নয়, নিষ্ঠা আর ভালোবাসার প্রতীক হিসেবেও ইতিহাসে জায়গা করে নিয়েছেন।

আরআই/টিএ

মন্তব্য করুন