© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নেইমারের হাতে বাংলাদেশের জার্সি!

শেয়ার করুন:
নেইমারের হাতে বাংলাদেশের জার্সি!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৫ পিএম | ১৮ এপ্রিল, ২০২৬
ব্রাজিলে এক ভিন্নধর্মী মুহূর্তের সাক্ষী থাকল ফুটবলপ্রেমীরা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি তুলে দেওয়া হলো ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের হাতে। আর এই ব্যতিক্রমী উদ্যোগের নেপথ্যে ছিলেন বাংলাদেশি ফটো সাংবাদিক শাহনুর রুমেন, যিনি বর্তমানে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব করিন্থিয়ান্সের সঙ্গে কাজ করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, শাহনুর রুমেনের কাছ থেকে হাসিমুখে বাংলাদেশের জার্সি গ্রহণ করছেন নেইমার। ছবিটি ইতোমধ্যে বাংলাদেশি ফুটবল সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই এটিকে দুই দেশের ফুটবল সংস্কৃতির এক সুন্দর সংযোগ হিসেবে দেখছেন।

শাহনুর রুমেন দীর্ঘদিন ধরে ব্রাজিলে অবস্থান করে ফুটবল কাভার করছেন। ক্যাম্পেওনাতো ব্রাজিলেইরো সিরি আ–সহ বিভিন্ন প্রতিযোগিতায় কাজের অভিজ্ঞতা রয়েছে তার। সেই সুবাদেই বিশ্বের অন্যতম আলোচিত ফুটবল তারকার হাতে বাংলাদেশের জার্সি তুলে দেওয়ার সুযোগ পান তিনি।

অন্যদিকে, নেইমারের ক্যারিয়ার বর্তমানে বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে। ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর তিনি ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছেন। সাম্প্রতিক সময়ে ক্লাব ফুটবলে তার অবস্থান নিয়ে নানা জল্পনা চলছে। গুঞ্জন আছে, নিজ দেশের ক্লাব সান্তোস ছেড়ে যুক্তরাষ্ট্রের লিগে পাড়ি জমাতে পারেন তিনি।

একই সঙ্গে জল্পনা চলছে ব্রাজিল জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়েও। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দলের পরিকল্পনায় নেইমার থাকবেন কিনা, তা এখনও পুরোপুরি নিশ্চিত নয়।

ইনজুরি, ফিটনেস ও পারফরম্যান্স; সব মিলিয়ে তিনি কিছুটা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

তবে জনপ্রিয়তা কিংবা ভক্তদের ভালোবাসায় কোনো ঘাটতি নেই নেইমারের। বাংলাদেশের জার্সি হাতে নেওয়ার এই মুহূর্তও তারই প্রমাণ। ছোট একটি উদ্যোগ হলেও এটি বাংলাদেশ ফুটবলের জন্য এক গর্বের মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। 

এমআই/টিকে

মন্তব্য করুন