হামজাকে দর্শকের আপত্তিকর মন্তব্য, প্রতিবাদ করায় পেলেন কার্ড
ছবি: সংগৃহীত
০৪:৫১ এএম | ১৯ এপ্রিল, ২০২৬
ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপের ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হলেন হামজা চৌধুরি। মাঠ ছেড়ে যাওয়ার সময় গ্যালারি থেকে বর্ণবাদী মন্তব্যের শিকার হলেন বাংলাদেশের তারকা ফুটবলার। এর প্রতিবাদ করায় উল্টো তাকেই দেখানো হয় হলুদ কার্ড।
ফ্র্যাটন পার্কে শনিবার বিকেলে পোর্টসমাউথের মুখোমুখি হয় লেস্টার সিটি। অবনমন শঙ্কা মাথায় নিয়ে খেলতে নেমে ম্যাচটি ১-০ গোলে হেরে যায় হামজার দল। এই ম্যাচেই ৭১ মিনিটের সময় গ্যালারি থেকে হামজার উদ্দেশ্যে ছোঁড়া হয় আপত্তিকর মন্তব্য।
চোট থেকে সেরে ওঠায় ম্যাচের শুরু থেকেই হামজাকে খেলান লেস্টার কোচ গ্যারি রোয়েট। গোলশূন্য প্রথমার্ধের পর ৬৩ মিনিটে ইবান বোয়াতের গোলে পিছিয়ে পড়ে লেস্টার। ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টায় ৭১ মিনিটে হামজাকে তুলে নিয়ে জর্ডান জেমসকে নামান রোয়েট।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বদলি হয়ে মাঠ ছাড়ার সময় স্বাগতিক দর্শকদের কাছ থেকে বর্ণবাদী মন্তব্যের শিকার হন বাংলাদেশি সুপারস্টার। ডাগআউটে ফেরার আগে তখন গ্যালারির দিকে তাকিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করেন হামজা।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেখে ছুটে আসেন রেফারি। তখন তার দিকে তাকিয়ে ফের রাগান্বিত অঙ্গভঙ্গি করতে দেখা যায় হামজাকে। কিন্তু সেটি আমলে নেননি রেফারি। উল্টো বদলি হয়ে বাইরে চলে যাওয়া হামজাকে হলুদ কার্ড দেখান তিনি।
এতে আরও ক্ষিপ্ত হয়ে দলের এক কোচকে ধাক্কা দিয়ে ডাগআউটে গিয়ে বসে পড়েন হামজা। তখনও তার চোখে-মুখে ছিল রাগ ও ক্ষোভের অভিব্যক্তি।
পরে ম্যাচের ফলও যায় হামজাদের বিপক্ষে। ইবান বোয়াতের গোলে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। এই পরাজয়ে দ্বিতীয় স্তর থেকেও অবনমনের শঙ্কায় পড়ে গেছে লেস্টার। ৪৩ ম্যাচে তাদের ঝুলিতে মাত্র ৪১ পয়েন্ট। ২৪ দলের লিগে তাদের অবস্থান আপাতত ২৩ নম্বরে। বাকি থাকা তিন ম্যাচে জয়ের পাশাপাশি অন্যদের দিকেও তাকিয়ে থাকতে হবে লেস্টারের। আর যদি মঙ্গলবার রাতের ম্যাচে হাল সিটির বিপক্ষে হেরে যায় লেস্টার, তাহলে সেদিনই নিশ্চিত হয়ে যেতে পারে তাদের তৃতীয় স্তরে অবনমন।
এবি/টিএ